
যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ফের ইরানে হামলা করতে যাচ্ছে ইসরায়েল
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে চায় ইসরায়েল। এ বিষয়ে নিজেদের অবস্থান যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়েছে তেল আবিব। ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে তারা ইতিমধ্যে ইরানে সম্ভাব্য হামলার জন্য লক্ষ্যবস্তুর তালিকাও প্রস্তুত করেছে বলে জানা গেছে।
মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের (আইপিবিসি) বলছে, তেল আবিবের সামরিক ও নিরাপত্তা নীতি-নির্ধারকরা মনে করছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা বা সম্ভাব্য সমঝোতা কেবল সময়ক্ষেপণ ছাড়া কিছু নয়।
সংস্থাটির দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল।
এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা দেশটিতে সম্ভাব্য হামলার জন্য নতুন লক্ষ্যবস্তুর তালিকাও প্রস্তুত করেছেন বলে জানা গেছে। বিশেষ করে এ তালিকায় ইরানের অপরিশোধিত তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আইপিবিসি আরো বলছে, ওয়াশিংটনের কাছে পাঠানো সাম্প্রতিক বার্তায় ইসরায়েল স্পষ্ট করেছে যে, তারা যেকোনো উপায়ে ইরানের ওপর আবারও আক্রমণ শুরু করার সুযোগ খুঁজছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা বা চুক্তির খবরে ইতিবাচক মনোভাব দেখছে পাকিস্তান সরকার। তবে চলমান কূটনৈতিক তৎপরতার স্বার্থে এই মুহূর্তে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চায় না।
যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনো খতিয়ে দেখছে ইরান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সময়সীমা নির্ধারণ করা হয়নি।
তবে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, আজই পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের জবাব ওয়াশিংটনের কাছে পৌঁছে যেতে পারে।



