খেলাযুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে হবে ২০২৬ বিশ্বকাপের ড্র, ঘোষণা দিলেন ট্রাম্প

বিশ্বকাপ ড্র মানেই ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত। কোন দল কোন গ্রুপে পড়বে, প্রথম রাউন্ডে কে কার মুখোমুখি হবে, সব নির্ধারণ হয়ে যাবে সেই দিনেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়ে দিলেন, কবে কোথায় হবে ২০২৬ বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে সারা বিশ্বে, যেখানে ফিফার আশা এক বিলিয়নেরও বেশি মানুষ দেখবেন অনুষ্ঠানটি।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে পাশে রেখেই ট্রাম্প জানান, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে বিশ্বকাপ ড্র।

বিশ্বকাপের আগে ফিফার কর্মকর্তা কিংবা কেবল বিশ্বকাপজয়ী খেলোয়াড়রা ট্রফিটি ছুঁতে পারেন। সেই সংস্কার ভেঙে গতকাল বিশ্বকাপ ট্রফি ট্রাম্পের হাতে তুলে দেন ফিফা সভাপতি। ওই সময় ইনফান্তিনো বলেন, ‘কেবল বিজয়ীরা এটি হাতে নেয়।’ এরপর তিনি বলতে থাকেন, ‘ফিফা প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট এবং যারা চ্যাম্পিয়ন হয় তারাই এটি স্পর্শ করতে পারে। কারণ এটি কেবল বিজয়ীদের জন্য। যেহেতু আপনিও একজন বিজয়ী, তাই অবশ্যই ট্রফিটি ছুঁতে পারবেন।’

এ সময় একটি মজার দৃশ্যও ধরা পড়ে। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ট্রাম্প মজা করে বলেন, ‘আমি কি এটা রেখে দিতে পারি?’ তখন সমস্বরে হেসে উঠেন সেখানে উপস্থিত সকলেই। বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বেশ ভারী এটা। খুব সুন্দর একটা স্বর্ণের টুকরো।’ মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিশ্বকাপের আয়োজক হওয়াটা সম্মানের জানিয়ে ট্রাম্প বলেন, ‘অসাধারণ মানুষের এই গ্রুপের সঙ্গে বৈশ্বিক ইভেন্ট আয়োজন করতে পারা অনেক বড় সম্মানের বিষয় এবং এখানে অবিশ্বাস্য সব অ্যাথলেটরা খেলেন। বিশ্বের সবচেয়ে সেরা অ্যাথলেটরা–আমাদের রাজধানীর সাংস্কৃতিক কেন্দ্রে আসবেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে সবচেয়ে বৃহৎ এবং খেলার ইতিহাসে সবচেয়ে জটিল ও রোমাঞ্চকর প্রতিযোগিতা। কেনেডি সেন্টার আসন্ন বিশ্বকাপ ড্রয়ের বিস্ময়কর কিক-অফ করবে।’

প্রথমবারের মতো একসঙ্গে তিন দেশ মিলে আয়োজন করছে ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ৪৮ দলের এই টুর্নামেন্ট। ১২ গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রুপে থাকবে চারটি দল। প্রতিটি গ্রুপের প্রথম দুই দলের সঙ্গে সেরা আট তৃতীয় দল যাবে নকআউটে।

ইতিমধ্যে ১৬টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি ও কানাডায় ২টি। আয়োজক তিন দেশের সঙ্গে ইতোমধ্যে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া ও ইকুয়েডর।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension