বাংলাদেশ

ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো না হওয়ার প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর

ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি যেন অব্যাহত থাকে- এমনই মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, সম্পর্ক ভালো না থাকলে আসামের জন্য তা ‘উপকারী’ বলে মনে করেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেখানে হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে দুই দেশের সম্পর্কের উন্নতি না হয় এবং আগের মতোই পরিস্থিতি বজায় থাকে।

সাক্ষাৎকারে তিনি ভারত থেকে বাংলাদেশে কথিত ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়া সম্পর্কেও কথা বলেন। তার দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কখনো ১০ দিন থেকে শুরু করে ২০-৪০ দিন পর্যন্ত লোকজনকে আটকে রাখে এবং সুযোগ বুঝে সীমান্তে পাঠিয়ে দেয়। তিনি আরও বলেন, এ কাজ সাধারণত রাতের অন্ধকারে করা হয়, যখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি উপস্থিত থাকে না।

যদিও তিনি সাক্ষাৎকারে পুরনো নাম ‘বিডিআর’ ব্যবহার করেন, যা বর্তমানে বিজিবি নামে পরিচিত।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক যখন ভালো থাকে, তখন সীমান্তে কড়াকড়ি কমে যায়, যা আসামের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হয়ে ওঠে। তার মতে, সম্পর্ক খারাপ থাকলে সীমান্তে কঠোর নজরদারি থাকে এবং অনুপ্রবেশ কমে।

সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক মেঘা প্রসাদ মন্তব্য করেন, এমন বক্তব্য ‘ভারতবিরোধী’ হিসেবে দেখা যেতে পারে। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, তিনি কেবল নিজের ব্যক্তিগত মতামতই তুলে ধরেছেন।

গত ১৫ এপ্রিল সম্প্রচারিত ওই সাক্ষাৎকারের কিছু অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension