
কমলা হ্যারিস বাইডেনের ট্রাম্পকার্ড
ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকেই বেছে নিলেন।
গত মঙ্গলবার রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করছেন তিনি। নির্বাচনে রিপাবলিকানদলীয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বাইডেন-কমলা জুটির।
ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস অবশ্য প্রেসিডেন্ট পদের জন্য প্রচার শুরু করেছিলেন। ডেমোক্র্যাটদের প্রাইমারি সিলেকশনে বাইডেনের সমালোচনা করতেও দেখা যায় তাকে। ওবামা প্রশাসনে দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো ৭৭ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার সময় জানিয়েছিলেন তার রানিংমেট হবেন একজন নারী। অনেক কাটাছেঁড়ার পর শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় যে পাঁচ নারীর নাম ছিল, কমলা হ্যারিস ছিলেন শীর্ষে।
দীর্ঘদিন ধরে গোপনে নানা পর্যালোচনা শেষে মঙ্গলবার নিজের রানিংমেটের নাম ঘোষণা করে এক টুইট বার্তায় বাইডেন লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মানের সঙ্গে রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের, একজন নির্ভীক সৈনিক ও দেশের অন্যতম সেরা সরকারি এক কর্মচারীর নাম ঘোষণা করছি।’
কমলা হ্যারিস (৫৫) সিনেটে প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা কৃষ্ণাঙ্গ আমেরিকান ও মা ভারতীয়। প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ ও একই সঙ্গে ভারতীয় হিসেবে এ পদে তিনি মনোনীত হলেন। যুক্তরাষ্ট্রে চতুর্থ কোনো নারী হিসেবে প্রেসিডেন্ট পদের লড়াইয়ের জন্য মনোনীত হলেন কমলা। রানিংমেট নির্বাচিত হওয়ায় বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে আগামী চার কিংবা আট বছরের জন্য ডেমোক্র্যাটদের ডি-ফ্যাক্টো নেতা হতে যাচ্ছেন কমলা হ্যারিস।
বিশেষজ্ঞরা ট্রাম্পকে নির্বাচনে হারাতে কমলাকে রানিংমেট করা জো বাইডেনের কৌশলী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হওয়ার পর কমলা হ্যারিস এক টুইট বার্তায় লিখেছেন, ‘জো বাইডেন আমেরিকার জনগণকে একীভূত করতে পারবেন কারণ তিনি আমাদের জন্য লড়াই করেই জীবন কাটিয়েছেন এবং প্রেসিডেন্ট হিসেবে তিনি এমন একটি আমেরিকা তৈরি করবেন; যা আমাদের আদর্শ অনুসারে চলবে।’ কিন্তু এটাও ভুলে গেলে চলবে না বাইডেনের সমালোচক হিসেবেও কমলা পরিচিত। ফলে বাইডেন আজ কমলাকে নির্বাচনে জেতার ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চাইলেও তা বুমেরাং হতে পারে।❐



