প্রধান খবরযুক্তরাষ্ট্র

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে ট্রাম্পের প্রচারণায় ক্লোরোকুইন খেয়ে মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ক্লোরোকুইন ফসফেট খেয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
ক্লোরোকুইন খাওয়ায় তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেন, করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাব্য ওষুধ হিসেবে ক্লোরোকুইন কাজ করতে পারে।
 
পাশাপাশি তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ওষুধ হিসেবে এই রাসায়নিক উপাদানটির ট্রায়ালের জন্য বড় ধরনের গবেষণা কর্মসূচিরও নির্দেশ দেন।
 
তবে অ্যারিজোনার ফিনিক্স শহরের ওই দম্পতি যা খেয়েছিলেন তা মূলত পোষা মাছের পানির ট্যাংক পরিষ্কার করার জন্য ব্যবহৃত রাসায়নিক।
 
আর এই রাসায়নিক খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন বলে ওই রাজ্যের হাসপাতাল সূত্রে জানানো হয়। তাদের দুজনেরই বয়স ৬০-এর বেশি।
 
হাসপাতালে চিকিৎসাধীন নারী জানান, সম্প্রতি তিনি টেলিভিশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনার চিকিৎসায় ক্লোরোকুইনের সম্ভাব্য কার্যকারিতা নিয়ে আলোচনা করতে শুনেছিলেন। আর এরপরই তারা ক্লোরোকুইন ফসফেট খাওয়ার সিদ্ধান্ত নেন।
 
যুক্তরাষ্ট্রে বাজারে ওষুধ ছাড়ার অনুমতি দেওয়া সংস্থা ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ম্যালেরিয়া, লুপাস ও রিউমাটয়েড বাতের জন্য ক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিয়েছিল।
 
কিন্তু করোনাভাইরাসের চিকিৎসায় এর কার্যকারিতা এখনও পরীক্ষায় প্রমাণিত না হওয়ায় এর চিকিৎসায় এ ওষুধ ব্যবহারের অনুমোদন দেয় নি তারা।
 
ক্লোরোকুইন ফসফেট খাওয়া ওই নারী বলেন, ‘আমরা ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলন টিভিতে দেখেছি। অনেকবার সেটা টিভিতে দেখিয়েছে। ট্রাম্প বারবার বলেছেন- এই ভাইরাসের বলতে গেলে একমাত্র নিরাময় এই ওষুধেই সম্ভব। এই ভাইরাসে আক্রান্ত হতে পারি বলে আমরা উদ্বিগ্ন ছিলাম।’
 
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪ হাজার ২০৫ জন। আর মৃতের সংখ্যা ১ হাজার ৭০১ জন।
 
গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্লোরোকুইন নিয়ে বিরাট আশার কথা শুনিয়েছিলেন।
 
তিনি এক টুইটে লিখেছিলেন, ‘চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে এই ওষুধ। এর সম্ভাবনা বিশাল।’
 
প্রেসিডেন্ট ট্রাম্পের ওই বক্তব্যের পর নাইজেরিয়াতে ক্লোরোকুইন কেনার হিড়িক পড়ে যায় এবং ক্লোরোকুইনের বিষক্রিয়ায় অন্তত তিন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নাইজেরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ♦
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension