যুক্তরাষ্ট্র

ইরাকের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার উপ-জ্বালানিমন্ত্রীসহ ইরাকি সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে নিষেধাজ্ঞার তালিকায় ইরাকের উপ-জ্বালানিমন্ত্রী আলি মারিজ আল-বাহাদলি রয়েছেন বলে জানায়।

তিনি ইরান সরকার এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর স্বার্থে তেল বিক্রির কার্যক্রমে সহায়তা করেছেন বলে অভিযোগ তুলেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরান-সমর্থিত ইরাকের প্রধান সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর শীর্ষ ৩ কর্মকর্তার বিরুদ্ধেও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা হলেন—মুস্তাফা হাশিম লাজিম আল-বেহাদিলি, আহমেদ খুদাইর মাকসুস মাকসুস এবং মোহাম্মদ ইসা কাজিম আল-শুয়াইলি।

মার্কিন কর্তৃপক্ষ আরো জানিয়েছে, চারটি ইরাকি কম্পানিকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের সামরিক বাহিনী যাতে ইরাকি তেল ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও আমাদের অংশীদারদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করতে না পারে, সে বিষয়ে ট্রেজারি বিভাগ নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে না।’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-সংক্রান্ত চাপ বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension