
রওশন মতিন
কালো রাত্রির গর্ভে জন্মেছে বলে
মাটি কি তাকে শেকড়ে জড়িয়ে রাখেনি,
হিংসার বেয়নেটে ক্ষত-বিক্ষত ডানার পালক
তবু কি উড়েনি স্বাধীনতার রক্ত নিশান।
যাপিত জীবন দায়বদ্ধতার সরল সমীকরনে
প্রাপ্তি -অপ্রাপ্তির অগ্নি পরীক্ষার মুখোমুখি,
অনিশ্চিত যাত্রায় ছোট হয়ে আসছে স্বপ্নের সীমান্ত,
আমাদের বেঁচে থাকা যেন বেঁচে থাকার ভান মাত্র,
শরাহত সময়-যা ইচ্ছে ইচ্ছের ফুটোবেলুন।
প্রত্যাশার বৃষ্টি নয়, ঘূর্ণি- মেঘ হয়ে প্রচন্ড ভাঙনের
ধেয়ে আসছে আশাহত সন্ত্রস্ত লোকালয়ে,
শান্তির সুবার্তা আলোহীন কালো রাত্রির অশনি সংকেত,
বিপরীত কথামালায় সাজানো জীবনের মধুচন্দ্রিমা রাত,
অনাকাঙ্ক্ষিত রুঢ় বাস্তব হাতছানি দেয় স্বপ্নময় সম্মোহনে,
আমাদের ভবিষ্যৎ গন্তব্য সামনে অপেক্ষমান।



