
এম. আব্দুল হালীম বাচ্চু
আরে নাহ!
কবিতা লেখার শব্দই খুঁজে পাচ্ছি না আজ…
যা তা শব্দে কি আর কবিতা হয়?
অনেকক্ষণ মাথা খাটিয়েও ফলাফল জিরো!
ধ্যাততেরিকি!
গুজব, ছেলেধরা, গণপিটুনি এসব মামুলি শব্দ
কেন যেন বারবার মনে আসছে আজ!
আমি জানি, এসব শব্দ চাষাভুষোরাও জানে…
না না তা হবে কেন?
শহরের পাঁজরায় বসা খাটাসরাও জানে!
না হলে রেণু মরে?
ভেবেছিলাম, গুজব টুজব স্বাধীন দেশে অচল
ভেবেছিলাম, হুজুগ টুজুগ এসব শব্দ কাল্পনিক!
শুনেছিলাম, বাঙালিরা বীরের জাত
শুনেছিলাম, এখন তারা মানুষ হইছে!
সত্যি বলছি, আমি আজ শব্দহীন একেবারেই শব্দহীন!
সত্যি বলছি, আমি আজ হারিয়ে গেছি পাথর টুকরার শিরায় শিরায়!



