
খালেদার চেয়ার ফাঁকা রেখেই বিএনপির ইফতার!
রূপসী বাংলা ডেস্ক:প্রতিবছর ইস্কাটন লেডিস ক্লাবে এতিমদের পাশে বসিয়ে রমজানের প্রথম ইফতার করতেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ফলে রমজানের প্রথম ইফতার অনুষ্ঠানের মঞ্চে এতিমদের পাশে বেগম খালেদা জিয়ার আসনটি ফাঁকা রাখে বিএনপি। ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার পক্ষে এতিম শিক্ষার্থীসহ ওলামা-মাশায়েখদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ইফতার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই ইফতার মাহফিলের অনুষ্ঠান করছি। প্রতিবছর পহেলা রমজানে তিনি (খালেদা জিয়া) এখানে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে ইফতার করতেন। আজ তিনি কারাগারের অন্ধকারে একেবারে নির্জনে প্রথম রমজানের ইফতার করছেন। এটা অত্যন্ত মর্মান্তিক। আল্লাহতা‘লার কাছে দোয়া চাইব, আল্লাহ যেন তাকে অতিদ্রæত মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
তিনি বলেন, ‘আমরা এক কঠিন সময় পার হচ্ছি, যে সময়টা দেশ ও জাতির জন্য অত্যন্ত ক্রান্তিকাল। আমাদের সাহস ও ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে গণতন্ত্রকে ছিনিয়ে আনতে হবে।’
লন্ডনে অবস্থারত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তার আজকে আপনাদের সামনে কথা বলার কথা ছিল। উনি জুম্মার নামাজে থাকায় কথা বলতে পারেননি। তিনি আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন, রমজানুল মোবারকের।
ইফতারে দলের মহাসচিব ছাড়া উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।



