
চিকিৎসকরা বললেন, নাভালনি ‘যে কোনো মুহূর্তে মারা’ যেতে পারেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বলে পরিচিত বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি যে কোনো দিন ‘মারা’ যেতে পারেন বলে সতর্ক করেছেন তার চিকিৎসকরা।
রোববার (১৮ এপ্রিল) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাভালনির ব্যক্তিগত চিকিৎসকসহ চারজন চিকিৎসক রাশিয়ার কারা কর্মকর্তাদের কাছে একটি চিঠি লিখেছেন। এতে তারা জরুরি ভিত্তিতে নাভালনির সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন।
নাভালনির ব্যক্তিগত চিকিৎসক আনাসতাসিয়া ভাসিলিয়েভা এক টুইটবার্তায় শুক্রবার (১৬ এপ্রিল) জানান, টানা ১৪দিনের অনশনের কারণে নাভালনির শারীরিক অবস্থাও ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে। একজন মানুষের রক্তে পটাশিয়ামের মাত্রা ৬ শতাংশ হলেই তাকে জরুরিভিত্তিতে চিকিৎসা দেওয়া প্রয়োজন। নাভালনির রক্তে পটাশিয়ামের মাত্রা বর্তমানে ৭ দশমিক ১ শতাংশ। নাভালনির শারীরিক অবস্থা অনেক শোচনীয়। তিনি যে কোনো সময় হৃদরোগে আক্রান্ত হতে পারেন। এমনকি তার কিডনিও অকেজো হয়ে পড়তে পারে।
দ্রুত যথাযথ চিকিৎসা না দেওয়া হলে যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন বলে শঙ্কা জানিয়েছেন তার চিকিৎসকরা।
পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। অর্থ আত্মসাতের মামলায় গত ফেব্রুয়ারি মাসে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য সঠিক চিকিৎসার দাবিতে গত ৩১ মার্চ আমরণ অনশনের ঘোষণা দেন নাভালনি। রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বদিকে অবস্থিত আই কে-২ সংশোধনমূলক পেনেল কলোনিতে কারাভোগ করছেন এ নেতা। সেখানে থেকেই নিজ আইনজীবীর মাধ্যমে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
অ্যালেক্সাই নাভালনি বলেন, “আইন বহাল রাখা এবং পছন্দের চিকিৎসককে আমার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার দাবিতে আমি আমরণ অনশনের ঘোষণা করছি। চিকিৎসককে আমন্ত্রণ জানানো এবং নিয়মিত ওষুধ গ্রহণ করার অধিকার আমার আছে। কিন্তু তারা (রুশ কর্তৃপক্ষ) সেটির অনুমতি দিচ্ছে না। আমার পিঠের ব্যথা পা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ডান পায়ের কিছু অংশে এখন আর কোনো কিছু অনুভব করতে পারি না এবং বা পায়েও তা ছড়িয়ে পড়ছে।”
নাভালনির স্ত্রী ইউলিয়া বলেন, “কারাগারে আমার স্বামীর ওজন নয় কেজি কমে গেছে। এখন তার ওজন ৭৬ কেজিতে এসে দাঁড়িয়েছে।”❐



