
টিটো মোস্তাফিজ
জয়িতা আর কবির মাঝে দাঁড়িয়ে আছে
সাত সমুদ্দুর তেরো নদী তেপান্তরের মাঠ
বিশ্বাস বিভেদের সুরাসুর জোড়া দেয়াল
ছাতিমতলায় শোনা ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর পাঠ।
উদাসীন কবি দেখে চড়ুইয়ের ধূলিস্নান
ঝুলবারান্দায় হেসে ওঠা রসুনফুলগুচ্ছ
আইভীলতায় ঘেরা বিজলিবাতির উঁকি
টুকরো টুকরো ছবি দিয়ে গাঁথা শব্দমালা।
জয়িতা বিকালে ফোটা এক ভোরের ফুল
অগোচরে বেড়ে ওঠা মিষ্টি নয়নতারা
অচেনা পাঠিকার হৃদয়ের ফল্গুধারা
স্বপ্ন কিংবা কল্পনার এক স্মৃতি রোমন্থন।
জয়িতা মায়াবী ফিসফিস শব্দের অনুরণন
নিউরন ঝড়ে আশ্রয় নেয়া অলীক শ্রবণ।
একান্ত রূপকথার রাজ্যের রুপোর কাঠি
সংস্কারের ঘেরাটোপে বন্দী এক খেয়াল।



