
ভারত
দিল্লিতে জলসংকট নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ কেজরীওয়াল
রূপসী বাংলা ডেস্ক:হরিয়ানার সঙ্গে বিবাদের জেরে তীব্র জলসংকটের সম্মুখীন হতে চলেছে দিল্লি। এই আগাম আশঙ্কা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কেজরীওয়াল জানিয়েছেন, ১৯৯৬ সাল থেকে হরিয়ানা থেকে ১,১৩৩ কিউসেক জল পেয়ে আসছে দিল্লি। কিন্তু, সম্প্রতি তা কমিয়ে দিয়েছে প্রতিবেশী রাজ্য। এই নিয়ে দুরাজ্যের মধ্যে মামলা চলছে সুপ্রিমকোর্টে।
হরিয়ানাকে ২১ মে পর্যন্ত পুরো জল সরবরাহ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ, আগামী সোমবার থেকে জলের পরিমাণ কমবে। কেজরীওয়ালের আশঙ্কা, তেমনটা হলে, রাজধানীতে তীব্র জলসংকটের সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীকে তিনি আর্জি জানিয়েছেন, যতদিন না বিষয়টির মীমাংশা আদালতে হচ্ছে, ততদিন হরিয়ানা সরকারকে অনুরোধ করা হোক যাতে তারা জল সরবরাহের পরিমাণ না কমায়।



