ভারত

কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস দিল্লির

বাংলাদেশি নাগরিকদের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

বাংলাদেশের নতুন সরকার গঠনের পর এটিই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠক শেষে এস জয়শঙ্কর তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো পর্যালোচনা করেছে উভয় পক্ষ। বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশি রোগীদের জন্য দ্রুততম সময়ে চিকিৎসা ভিসা চালুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে দিল্লি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার করায় ভারতকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এছাড়া গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা। উল্লেখ্য, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম দিল্লির সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে তাকে ফেরত পাঠানোর দাবি তোলা হলো।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বৈঠকে স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান। জবাবে ভারতীয় মন্ত্রী এই বিষয়টি দ্রুত ও ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

এদিকে রাজনৈতিক অঙ্গনে বড় খবর হিসেবে সামনে এসেছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চিঠি। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। গত মঙ্গলবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ওই চিঠিটি বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে হস্তান্তর করেন। বিজয় চোথাউওয়ালে আজ এক্সে এই তথ্য নিশ্চিত করে জানান, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension