আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন ও বিপজ্জনক পরিস্থিতিতে ইউরোপ: ডেনমার্ক

ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমান সময়ে সবচেয়ে কঠিন ও বিপজ্জনক পরিস্থিতির মুখে আছে বলে সতর্ক করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসন।

রাজধানী কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলনে তিনি বলেন, “আমি মনে করি এটি গুরুতর। আমি মনে করি ইউক্রেইনে যুদ্ধ খুবই গুরুতর।

“আমি যখন আজ ইউরোপের দিকে তাকাই, আমি মনে করি আমরা স্নায়ুযুদ্ধ নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কঠিন ও বিপজ্জনক সময় পাড়ি দিচ্ছি।”

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা জানায়, বিপজ্জনক এই সময়ের কথা ব্যাখ্যা করতে গিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসন ইউরোপের বিভিন্ন দেশে রুশ ড্রোন অনুপ্রবেশ সমস্যা নিয়েও কথা বলেন।

তার মতে, তিনি সাধারনভাবে ড্রোন ধ্বংস করে দেওয়াটাকেই সমর্থন করেন। তবে সেই কাজটি সঠিকভাবে করার শর্তেই তিনি তা সমর্থন করবেন।

ড্রোন অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকার জবাবে ডেনিশ কর্তৃপক্ষ এর আগে বিভিন্ন নিরাপত্তা পদক্ষেপ জোরদার করেছিল। এছাড়াও, গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষাও তাদের অগ্রাধিকারের বিষয় হয়ে আছে।

সাংবাদিকদের কাছ থেকে প্রশ্নের জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যকার সময় এবং আজকের দিনগুলোর তুলনা টানেন।

তিনি বলেন, অতীত থেকে সমস্যার কোনও রেডিমেড সমাধান আসতে পারে না, তবে অতীত থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।

ফ্রেডেরিকসন বলেন, ইউরোপের আবার শিল্পায়ন করা এবং অস্ত্র উৎপাদন বাড়ানো দরকার, যাতে গণতান্ত্রিক দেশগুলো নিজেদের সুরক্ষা করতে পারে।

এ সপ্তাহে কোপেনহেগেনে ইইউ নেতারা কিছু প্রকল্প নিয়ে আলোচনা করবেন, যে প্রকল্পগুলো এই মহাদেশের প্রতিরক্ষা নকশা বদলে দিতে পারে।

‘উইংস অব ডিফেন্স’ নামের যৌথ সামরিক মহড়া এরই মধ্যে শুরু হয়েছে ডেনমার্কে।

এই মহড়ায় ইউক্রেইনের সামরিক কর্মকর্তারা ডেনিশ বাহিনীর সঙ্গে মিলে রুশ আক্রমণাত্মক ড্রোনের হামলা প্রতিহত করার অনুশীলন করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension