
একটা শহর কী আশ্চর্য ভাবে অচেনা হয়ে যায়,
শুধু তার গা ভর্তি যে স্মৃতিগন্ধ রেখে গিয়েছিলাম সেইটুকু নাকে এসে লাগে
আমি এখনও ভিসি চত্বর দিয়ে হেঁটে যেতে যেতে
চেনা পারফিউমের গন্ধ পাই
আমার গেঁয়ো মন খুঁজে বেড়ায় নগরের নান্দনিক শরীর
ইচ্ছের আস্তানা জুড়ে ছোপ ছোপ নগর কোলাহল
আমার বড্ড অচেনা লাগে
এই সব কলরব নষ্ট স্মৃতিভ্রষ্ট মানুষের মতো অকস্মাৎ ডেকে যায়
আমি বলি ডেকেছো তাই একটু দাঁড়াই তোমাদের হলাহলে
তারপর ভেসে যাব শ্রাবণের জলে চেনা পথে চেনা গন্তব্যে।
তোমারও কী আমায় অচেনা লাগে নাগরিক সন্ধ্যা?
তোমার ধর্ম আমি জানি, নতুনের আবাহনে তুমি থাকো সদা পুলকিত
এই কথাটি মনে রেখো তোমাদের সান্ধ্যকালীন কোলাহলে আমিও ছিলাম।
হে প্রিয় শহর, একদিন শেকড় ছেড়ে তোমার বুকে পা রেখেছিলাম শিখর ছোঁব বলে
তা আর হলো কই
আমি আজীবনই রয়ে গেলাম বোকা বামন
আমার ভেতরের গাঢ় অন্ধকার ভেদ করে যে তারাগুলো জ্বলে উঠেছিল একদিন
আমার নীহারিকা দেশের সেই জ্বলন্ত নক্ষত্রের উপর
তুমি লেপে দিলে আশ্চর্য অমাবস্যার গভীর অন্ধকার
ভালো থেকো প্রিয় শহর ভালো থেকো ধুলো জড়ানো স্মৃতির মোহর
আমি আসলে দিক ভোলা পাখি উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছি দিগ্বিদিক
আসল পথের ঠিকানা তো জানে পথের প্রান্তে বসে থাকা যাযাবর পথিক।



