
আমার গল্প কতোটুকু আর জানো?
যায় কী ফেরানো যতই অতীত টানো?
একা আমি একা পায়ের নীচের পথ
নিয়তির কাছে সঁপেছি ভবিষ্যৎ!
কেউ কী আমাকে বলে দিয়ে যাবে ভালোবাসা কারে কয়?
বন্ধু তোমাকে কেন যে আমার আজ বন্দুক মনে হয়!
বুকের ভেতর জোনাকিরা তবু ওড়ে
বছর বছর এক আগুনেই পোড়ে
কোথাকার জল কোথায় গড়াবে শেষে?
কী পাব জানিনা বন্ধুকে ভালোবেসে
জোনাকিরা তবু উড়ুক একাকী সারারাত নির্ভয়
বন্ধু তোমাকে কেন যে আমার আজ বন্দুক মনে হয়!
অজানাতে আর কতোদূর যাব একা?
কবে পার হবো বেদনার সীমারেখা?
খোঁপাতে স্মৃতির ফুল ঘ্রাণ লেগে আছে!
ভালোবাসা আর ভুল একসাথে বাঁচে
একের ভেতরে অনেক জীবন কোনোটা ভোলার নয়
বন্ধু তোমাকে কেন যে আমার আজ বন্দুক মনে হয়!!
স্বপ্ন দেখিনা, স্বপ্ন বেচি না, স্বপ্ন আমাকে দেখে
স্বপ্ন এখন কালো অক্ষরে আমার নিয়তি লেখে
স্বপ্নচূড়ায় ফানুস উড়ায়ে মনে জাগে শুধু ভয়
বন্ধু তোমাকে কেন যে আমার আজ বন্দুক মনে হয়!



