বাংলাদেশ

বাংলাদেশে একদিনেই ২৩৩টি নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই ফের নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। দেশে একদিনে ২৩৩টি নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ইসি। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ও কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বুধবার (২৪ জানুয়ারি)। এসব নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, ২৩৩টি নির্বাচনে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, মনোনয়ন বাচাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে ৯ মার্চ।

জাহাংগীর আলম বলেন, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এছাড়া ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ও বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ভোটগ্রহণ ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

দেশের দ্বাদশতম সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ। ২০১৯ সালের ৫ মে এই সিটিতে প্রথম নির্বাচন হয়। নিয়মানুযায়ী এ সিটিতে ভোটের ক্ষণগণনা শুরু হয়েছে গত ২০ ডিসেম্বর। চলতি বছর ১৯ জুনের মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

অন্যদিকে ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তবে গত ১৩ ডিসেম্বর তার মৃত্যু হয়। ফলে মেয়র পদে উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে।

এর বাইরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তিনটি পৌরসভা যথাক্রমে পটুয়াখালী, বকশীগঞ্জ ও আমতলীতে সাধারণ নির্বাচন, পাঁচটি পৌরসভা যথাক্রমে, মুন্সীগঞ্জ, ত্রিশাল, শিবগঞ্জ, কাটাখালী ও তাহেরপুরে মেয়র পদে উপনির্বাচন, ১০টি পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন হচ্ছে ৯ মার্চ।

এছাড়া ১৩টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ২১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন, ১৪৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপনির্বাচন, ২৩টি ইউনিয়নের সংরক্ষিত সদস্য পদে উপনির্বাচন, ছয়টি জেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং একটি জেলা পরিষদে সদস্য পদে উপনির্বাচনসহ একদিনে ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension