ভারত

বিপথে চালিত যুবকদের ছোঁড়া প্রত্যেকটি পাথর ক্ষতি করছে কাশ্মীর, দেশের, শ্রীনগরে বললেন মোদী

রূপসী বাংলা ডেস্ক:জম্মু ও কাশ্মীরে বিদেশি শক্তিরা সক্রিয় যারা রাজ্যের উন্নয়ন চায় না। ওদের যোগ্য জবাব দিতে হবে আমাদের।
# জম্মু ও কাশ্মীরে বিপথে চালিত যুবকদের ছোঁড়া প্রত্যেকটি পাথরই এই রাজ্য ও দেশের ক্ষতি করছে। এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে রাজ্যেকে। বললেন নরেন্দ্র মোদী।
# রাজ্যের উন্নয়ন সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করার প্রয়োজনীয় নীতি, সদিচ্ছা, ক্ষমতা সবই কেন্দ্র ও জ্ম্মু ও কাশ্মীর সরকারের আছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর একদিনের সফর ঘিরে সাজ সাজ রব জম্মু ও কাশ্মীরে। আজ সকালে রাজ্যে পা দিয়েই শ্রীনগর, কার্গিল ও লে-র মধ্যে সব মরসুমে বিমান সংযোগের জন্য এশিয়ার দীর্ঘতম ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জোজিলা টানেলের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। জোজিলা পাস পেরতে এখন লাগে পাক্কা সাড়ে তিন ঘন্টা। টানেল তৈরি হলে মাত্র ১৫ মিনিট লাগবে। জোজিলা পাস শ্রীনগর-কার্গিল-লে ন্যাশনাল হাইওয়েতে ১১৫৭৮ ফুট ওপরে। শীতের সময় ব্যাপক তুষারপাতের ফলে তা বন্ধ থাকে বলে কাশ্মীর থেকে সমতল পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লাদাখের।
লে, কাশ্মীর, জম্মু, তিনটি অঞ্চলেই একদিনে সফর সারবেন প্রধানমন্ত্রী। তিনি লে-তে বৌদ্ধ আধ্যাত্মিক গুরু ১৯-তম কুশক বাকুলা রিনপোচের ১০০-তম জন্মবার্ষিকী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানেও যোগ দেন।
প্রধানমন্ত্রী পৌঁছনোর প্রাক্কালে শ্রীনগরে গৃহবন্দি করা হয় মিরওয়াইজ ওমর ফারুক, সৈয়দ আলি শাহ গিলানির মতো শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নেতাদের। মোদীর সফরের সময় তাঁরা নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ তুলে তার প্রতিবাদে লালচকে মিছিল করে যাওয়ার ডাক দিয়েছেন। সেই কর্মসূচি রুখতে শহরের নানা জায়গায় বিধিনিষেধ জারি করা হয়েছে। পাশাপাশি এদিনের মতো স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়, বাতিল করা হয় ইন্টারনেট পরিষেবা।
জেকেএলএফ নেতা ইয়াসিন মালিককে গ্রেফতার করা হয় গতকালই। আজ সকালে হায়দরপোরায় গিলানির, মিরওয়াইজের নাসিম বাগ এলাকার বাসভবনে পৌঁছে যায় পুলিশ, অশান্তি এড়ানোর আগাম পদক্ষেপ হিসাবে তাঁদের গৃহবন্দি করার নির্দেশের কথা জানায়।
মিরওয়াইজ অবশ্য তার আগে ট্যুইট করেন, স্বৈরাচারী শাসকরা প্রধানমন্ত্রী মোদীর উপত্যকা সফর উপলক্ষ্যে নাগরিকদের ফের গৃহবন্দি করে, কার্ফু, বিধিনিষেধ চাপিয়ে, ব্যারিকেড বসিয়ে, অবরোধ তৈরি করে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension