
যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের জন্য দৃশ্যত হুমকি হয়ে উঠছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রসিকিউটররা তাই মনে করছেন। তারা মনে করেন, তিনি গোপনীয় অনেক তথ্যপ্রমাণ প্রকাশ করে দিতে পারেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প একটি পোস্ট দেয়ার পর এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এতে তার বিরুদ্ধে মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের টার্গেট করে তিনি হুমকি দিয়েছেন বলে অভিযোগ করছেন প্রসিকিউটররা।
শুক্রবার বিকেলে ট্রাম্প তার ট্রুথ সামাজিক নেটওয়ার্কে লিখেছেন, যদি তোমরা আমার পিছু নাও, তাহলে আমিও তোমাদের দেখে নেবো। ২০২০ সালের জাতীয় নির্বাচনে প্রতারণা সংশ্লিষ্ট এক মামলায় তার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে। এতে তিনি দোষ স্বীকার করেননি। এর একদিন পরেই তিনি ওই পোস্ট দিয়েছেন। তবে ট্রাম্পের টিম জানিয়েছে, তিনি রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে ওই পোস্ট দিয়েছেন।
এ জন্য তাকে কর্মকাণ্ড সীমাবদ্ধ করে দেয়ার জন্য পরবর্তী মামলার শুনানিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন প্রসিকিউটররা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ট্রাম্পের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রতারণার ষড়যন্ত্র করার জন্য। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্যকে ঘষামাজা করে নিজেদের মতো করে উপস্থাপনার জন্য। নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য। ২০২০ সালের নির্বাচনকে ঘিরে সাবেক এই প্রেসিডেন্টের পক্ষ থেকে যেসব ঘটনা ঘটানো হয়েছে, তার জন্যও অভিযোগ গঠন করা হয়েছে। এরমধ্যে ২০২১ সালের ৬ই জানুয়ারি সরাসরি তার উস্কানিতে ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা।
সর্বশেষ তার ওই পোস্টের পর স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের অফিস বলেছে, তার ওই পোস্টে এমন উদ্বেগ দেখা দিয়েছে যে, ট্রাম্প গোপনীয় ম্যাটেরিয়ালগুলো জনসম্মুখে প্রকাশ করে দিতে পারেন। এর মধ্যে আছে প্রসিকিউটরদের কাছ থেকে গ্রান্ড জুরিরা যেসব ডকুমেন্ট পেয়েছেন। এতে উল্লেখ করা হয়, বিচারক, এটর্নি এবং ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়া লোকদের ওপর আক্রমণের ইতিহাস আছে ডনাল্ড ট্রাম্পের। জ্যাক স্মিথের অফিস সতর্কতা দিয়ে বলেছে, এর ফলে সুষ্ঠু বিচারের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। কারণ, সাক্ষীরা ভয়ে থাকবেন।
এ অবস্থায় স্পেশাল কাউন্সিলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রিপাবলিকান দল। শুক্রবার আলাবামায় সমর্থকদের এক মিটিংয়ে বলা হয়েছে জ্যাক স্মিথ একজন নীচু মানের মানুষ এবং খারাপ মানুষ।



