
সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫০ লক্ষ ছাড়িয়ে
পৃথিবীতে এখন পর্যন্ত কোনও মহামারীতে একক কোনও দেশে এত সংখ্যক মানুষের আক্রান্তের ঘটনা এটিই প্রথম
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গেল। পৃথিবীতে এখন পর্যন্ত কোনও মহামারীতে একক কোনও দেশে এত সংখ্যক মানুষের আক্রান্তের ঘটনা এটিই প্রথম।
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যানুযায়ী শুক্রবার নিউ ইয়র্ক সময় ভোর ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ লক্ষ ৩২ হাজার ৫৪৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৮০৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ৭৭ হাজার ৩৪৯ জন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।
চব্বিশ ঘণ্টার হিসেবে দৈনিক মৃত্যুর এই সংখ্যাটি তিন মাসের মধ্যে সর্বাধিক। যুক্তরাষ্ট্র সবশেষ দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল গত ৮ মে। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের সর্বাধিক।
এদিকে চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে আরও প্রায় ৬০ হাজার মানুষের দেহে।❐



