যুক্তরাষ্ট্ররাজনীতি

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ডেমোক্র্যাট সিনেটরদের সমর্থন

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিন দুই রাষ্ট্রের অস্তিত্বের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটররা। যুক্তরাষ্ট্রে পার্লামেন্টের উচ্চকক্ষে উত্থাপিত ইসরায়েলের জন্য ন্যাশনাল সিকিউরিটি প্যাকেজের আওতায় ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিও সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাটরা।

সিনেটে ৫১ জন ডেমোক্র্যাট সিনেটরের মধ্যে ৪৯ জন স্বাধীন ফিলিস্তিনের প্রতি দলীয় সমর্থন দিয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে ৫১টিতে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই দলের শীর্ষ নেতা। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অবশ্য বিরোধী দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ।

এক প্রতিবেদনে এক্সিওস জানিয়েছে, সিনেটে গত বুধবারের অধিবেশনে ডেমোক্রেটিক পার্টির নেতা ও সিনেটর ব্রায়ান শ্যাটজ একটি বিল উত্থাপন করেন। সেই বিলটিতে আল-আকসা অঞ্চলে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি ফিলিস্তিনিদের ‘ন্যায্য আকাঙ্ক্ষার’ প্রতি সম্মান জানিয়ে পৃথক আর এক রাষ্ট্র স্থাপনের উল্লেখ ছিল।

বিলটি উত্থাপনের পর সেটির পক্ষে-বিপক্ষে ভোটের আহ্বান জানান সিনেট স্পিকার। এই পর্ব শেষ হওয়ার পর দেখা যায়, সিনেটের ৫১ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে ৪৯ জনই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। অধিবেশনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে ব্রায়ান শ্যাটজ বলেন, ‘ভবিষ্যতে ইসরায়েল এবং ফিলিস্তিন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে- এটি একটি আশা। আর এই আশার ভিত্তি হলো দ্বিরাষ্ট্র সমাধান।’

এক্সিওস বলছে, ডেমোক্র্যাটদের এই অবস্থান ফিলিস্তিনের স্বাধীনতার জন্য এখনি বড় কিছু নিয়ে আসবে এমন নয়। তবে তাদের এই সম্মতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে বড় জবাব। সম্প্রতি একাধিকবার ইসরায়েল-ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রকাশ্যে নাকচ করে দেন নেতানিয়াহু।

ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র। ২০২০ সালে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আল-আকসা অঞ্চলে ‘ইসরায়েল’ ও ‘ফিলিস্তিন’ নামের দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ওয়াশিংটন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবারের অধিবেশনে সিনেটের দুই ডেমোক্র্যাট সদস্য বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। এরা হলেন জন ফেটারম্যান ও জো ম্যাঞ্চিন। কী কারণে বিপক্ষে ভোট দিয়েছেন, তার কারণও ব্যাখ্যা করেছেন তারা। ফেটারম্যানের সচিব জানান, ডেমোক্রেটিক পার্টির এই সিনিয়র নেতা সব সময়ই দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে। কিন্তু তিনি বিশ্বাস করেন, হামাসকে চিরতরে নিষ্ক্রিয় না করলে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তি স্থাপন করা সম্ভব নয়।

‘সিনেট অধিবেশনে উত্থাপিত বিলটিতে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে বলা হলেও হামাসকে নিষ্ক্রিয় করার ব্যাপারটির উল্লেখ ছিল না। এ কারণে তিনি (পক্ষে) ভোট দেননি,’ বলেন ফেটারম্যানের সচিব।

আরেক ডেমোক্র্যাট সিনেটর জো ম্যাঞ্চিন এক বিবৃতিতে বলেছেন, ‘যদি একবার ফিলিস্তিনের জনগণ তাদের হৃদয় থেকে ইসরায়েলের স্বাধীনতা ও সার্বভৌমত্ব স্বীকার করে, তাহলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে দাঁড়ানোর প্রথম ব্যক্তিটি হব আমি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension