
স্বাভাবিক জীবনে ফিরছে কাতার
করোনা সংক্রমণ কমতে থাকায় ক্রমেই স্বাভাবিক হচ্ছে কাতার। প্রত্যাহার করা হচ্ছে একের পর এক বিধিনিষেধ। দীর্ঘ সাড়ে চার মাস পরে খুলে দেওয়া হয়েছে সেলুন, বিউটি পার্লারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
এ অবস্থায় প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
করোনাভাইরাসের কয়েক মাসের ভয়াবহ ছোবলের পর স্বাভাবিক হচ্ছে কাতারের জনজীবন। ২৮ লাখ জনসংখ্যার দেশটিতে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও, এরইমধ্যে সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৭ হাজার রোগী।
এখন ধীরে ধীরে বিধি- নিষেধ প্রত্যাহার করছে কাতার সরকার। লকডাউন শিথিলের ৩য় ধাপে, দীর্ঘ সাড়ে চার মাস পরে খুলে দেওয়া হয়েছে সেলুন, বিউটি পার্লারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ীরা।
তবে দীর্ঘদিনের অচলাবস্থায় কষ্টে দিন পার করছেন প্রবাসীরা। তাদের ধৈর্য ধারণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বাংলাদেশের রাষ্ট্রদূতের।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, দীর্ঘদিনের অচলাবস্থায় কষ্টে দিন পার করেছেন এখানকার প্রবাসীরা। অনেকের কর্মহীন হয়ে পড়েছে। তবে আসছে ২০২২ সালে কাতারে যে বিশ্বকাপ আয়োজন হবে সেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই সবাইকে ধৈর্য ধারণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকতে হবে।’
করোনার কারণে কাতারে ঈদুল ফিতরের জামাত না হলেও হবে ঈদুল আযহার জামাত। এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে ৪০১টি মসজিদ ও ঈদগাহ। করোনাভাইরাসে কাতারে এখন পর্যন্ত ২২ বাংলাদেশিসহ মারা গেছেন ১৬৭ জন।❑



