
অস্ত্র মামলায় রিজেন্ট সাহেদ খালাস
উত্তরায় গাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র মামলায় বিচারিক (নিন্ম) আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
সাহেদের করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় ও অ্যাডভোকেট সালাম আশরাফ চৌধুরী।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি আসল নয়। সেখানে লেখা মেড ইন জাপান ও চায়না। এরকম অস্ত্র কখনো তৈরি হতে পারে না। আর অস্ত্র উদ্ধার করা হয়েছে সাহেদ যে সিটে বসেন তার সামনের সিট থেকে। কিন্তু গাড়ির চাবি উদ্ধার করা হয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে। রাষ্ট্রপক্ষ বিষয়টি যথাযথভাবে প্রমাণ করতে পারেনি। তাই আদালত তার আপিল মঞ্জুর করে খালাস দিয়েছেন।



