
আওয়ামী লীগের শতাধিক হেভিওয়েট প্রার্থী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল শুক্রবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হওয়ার পর দলের পক্ষে নৌকা প্রতীকে নির্বাচন করতে প্রথম দিনেই মোট ১৩২৮ জন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে শতাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন।
হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কিশোরগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ও তার ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ শাফায়াতুল ইসলাম। মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার ছোট ভাই।
এছাড়াও মনোনয়ন কিনেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিৎ রায় নন্দী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আমিনুল ইসলাম, আলাউদ্দিন নাছিম, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান (ফরিদপুর-১), ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হারুন-অর-রশীদ(বরগুনা-২), এম এ করিম (ব্রাহ্মণবাড়িয়া-১), তাজউদ্দীন আহমেদ (পিরোজপুর-৩) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।
এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।



