
আদালত মানেন না আমলারা!
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গত ১৭ ডিসেম্বর রাতে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই তরুণের প্রাণহানি ঘটে। নিহত সাব্বির হোসেন ও আসলাম হোসেন সম্পর্কে জ্ঞাতি ভাই এবং দুজনই কুষ্টিয়া সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীদের মৃত্যুর পাশাপাশি আহত হন আরেকজন।
এর পাঁচ দিনের মাথায় গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় ট্রাক, নসিমন ও বাইসাইকেলের মধ্যে আরেক ত্রিমুখী সংঘর্ষে মারা যান ৩২ বছর বয়সি কৃষক উজ্জ্বল বিশ্বাস। গত ৫ জানুয়ারিও আরেক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে কুষ্টিয়ার দৌলতপুরে। এখানেও ছিল শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলি।
এভাবে ২০২২ সালে শুধু কুষ্টিয়া জেলাতেই নসিমন, করিমন ও ভটভটির কারণে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে। আর ‘নিরাপদ সড়ক চাই’আন্দোলনের এক সমীক্ষায় জানা গেছে, এসব কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমের ১০ জেলার মহাসড়কে গত পাঁচ বছরে চার শতাধিক মানুষের মৃত্যু ও কয়েক হাজার আহত হয়েছে নসিমন, করিমন ও ভটভটির কারণে।
সারা দেশের অলিগলি থেকে সড়ক-মহাসড়কে ছড়িয়ে পড়েছে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন-করিমন-ভটভটিসহ এসব অনিরাপদ যানবাহন। আর এগুলোর কারণে যখন তখন ঘটছে দুর্ঘটনা; ঝরছে জানমাল; পঙ্গু হচ্ছে অসংখ্য মানুষ। এসব দুর্ঘটনায় হতাহতের পরিবারগুলোয় নেমে আসছে ট্র্যাজেডি- ‘সারা জীবনের কান্না’।
অথচ এসব ট্র্যাজেডি হয়ত ঘটত না, যদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে আমলারা তাদের প্রতি দেওয়া আদালতের আদেশ-নির্দেশগুলো যথাযথভাবে পালন করতেন।
মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি বন্ধে ২০১৭ সালের ২৫ জানুয়ারি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওইদিন আদালতের চারদফা নির্দেশনায় বলা হয়- ‘বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা ও যশোর- এই দশ জেলায় মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাইওয়ে পুলিশের ডিআইজি এবং সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ সুপারদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।’
কিন্তু উচ্চ আদালতের এ নির্দেশনা যে বাস্তবায়ন হয়নি, তা দেশের যেকোনো এলাকায় ঘর থেকে রাস্তায় নামলেই বোঝা যায়! এ যানগুলো বন্ধের আদেশ না মানায় এগুলো এখন দেশবাসীর যাতায়াতে নিত্যদিনের ‘বিপজ্জনক সঙ্গী’হয়ে উঠেছে। শুধু নসিমন, করিমন, ভটভটির বেলায় নয়; অনুসন্ধান বলছে, নিম্ন কিংবা উচ্চ- কোনো আদালতের আদেশই বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে পালন করছেন না আমলারা। জেলা প্রশাসক (ডিসি) পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসি ল্যান্ড, ওসি- কেউই খুব একটা আমলে নেন না আদালতের নির্দেশ। অবশেষে দায়ের হয় আদালত অবমাননার মামলা। আদালত তখন সংশ্লিষ্ট আমলাকে ডেকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন।
পরে ‘অপরাধ’মেনে নিয়ে আদালতের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে পার পেয়ে যান আমলারা। এভাবে বছরের পর বছর পেরিয়ে যায়। জনস্বার্থে দেওয়া আদালতের নির্দেশগুলো পড়ে থাকে কাগজেই। সমস্যাগুলোর সমাধান আর হয় না কোনোদিন; জনগণের ভোগান্তি আর যায় না।
জনস্বার্থের মামলায় বিবাদী আমলাদের ডেকে নিয়ে কী রকম কড়া ভাষায় ভর্ৎসনা করেন বিচারক, তার একটি নমুনা মেলে কুষ্টিয়ারই আরেক ঘটনায়। আদালতের স্থগিতাদেশ থাকার পরও ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রির ঘটনায় গত ১১ আগস্ট কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম ও সদর থানার ওসি মো. সাব্বিরুল আলমকে তলব করেন হাইকোর্ট।
ডিসি সাইদুল ইসলাম ওইদিন আদালতে হাজির হলে তাকে সতর্ক করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কেএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলে, আপনারা চাকচিক্যময় জীবনযাপন করেন। কীভাবে ক্ষমতার প্রয়োগ করে থাকেন, সেটাও জানি। দুঃখজনক হলেও সত্য, ডিসি অফিসে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না। সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ পান না। আপনাদের অফিসের দরজা-জানালা মোটা পর্দায় আবৃত থাকে। যার কারণে মানুষ আপনাদের ছবি পর্যন্ত দেখতে পান না।’
আদালত বলেন, ‘আপনাকে সতর্ক করছি। এখন থেকে ডিসি অফিসের দরজা-জানালা খোলা রাখবেন, যেন জনগণ আপনাদের চেহারা দেখতে পান। আপনার দরজা-জানালায় ভারী পর্দা ব্যবহার করবেন না। কারণ ডিসি হলো সরকারের হার্ট। আপনাকে জনগণের জন্য সেভাবে কাজ করতে হবে।’
আদালত বলেন, ‘ডিসি অফিসে সাধারণ মানুষের প্রবেশাধিকার নাই। আপনারা একটা দরখাস্ত পর্যন্ত রিসিভ করেন না। এখন থেকে কোনো ধরনের উন্নাসিকতা দেখাবেন না। নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করলে দেশ ও জনগণ উপকৃত হবে।
কোথাও চুরি-ডাকাতি হচ্ছে, সরকারি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে- অভিযোগ না পেলে কি আপনি বসে থাকবেন? বসে থাকার সুযোগ নাই।’
জানা গেছে, কুষ্টিয়ার ওই ডিসি সেদিন উচ্চ আদালতের ভর্ৎসনা শুনে, পরে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং আদালতের নির্দেশনা মেনে চলার ওয়াদা করেই ফিরে আসার সুযোগ পান। তেমন কোনো সাজা ভোগ বা জরিমানা গুনতে হয়নি তাকে।
জেলায় অবৈধ নসিমন, করিমন, ভটভটি বন্ধ না হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, ‘পুলিশ পাহারা দিয়েও অনেক সময় তা পারে না। গ্রামের ছোট্ট সড়ক দিয়ে এসব যান হঠাৎ করেই মহাসড়কে উঠে যায়। তখন অনেক সময় দুর্ঘটনা ঘটে। আমাদের হাইওয়ে পুলিশ ২০২২ সালে কয়েকশ’ নসিমন, করিমন ও ভটভটি জব্দ করেছে। জেলার মহাসড়কে এগুলোর চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও নিয়ন্ত্রণ হয়েছে। তারপরও এরা মহাসড়কে উঠে যাচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হওয়া প্রয়োজন।’
তিনি বলেন, যতটা দরকার তার চেয়ে আমাদের জনবল কম। তাই প্রতিটি মানুষের সহযোগিতা ছাড়া শুধু পুলিশ প্রশাসনের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না।
কুষ্টিয়ার এসপি সুপারিশের সুরে বলেন, যদি কুষ্টিয়াসহ দেশের সব জেলার মহাসড়কে সিসি টিভি ক্যামেরা বসানো হয়, তাহলে আমরা এ সীমিত জনবল নিয়েও এসব অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারব। তখন মহাসড়কে চলাচলকারী সব যানবাহনই সার্বক্ষণিক মনিটরিং করা যাবে। কেউ চলে গেলেও তাকে শনাক্ত করা যাবে।
অনুসন্ধানে আমলাদের আদালত না মানার উদাহরণ মেলে ভূরি ভূরি। ২০১১ সালের ৭ জুন সমুদ্রসৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করতে কক্সবাজারের ডিসি ও এসপিকে নির্দেশ দেন হাইকোর্ট, যা পরে বহাল রাখেন সর্বোচ্চ আদালতও।
কিন্তু ১১ বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও জেলা প্রশাসক তোয়াক্কা করেননি উচ্চ ও সর্বোচ্চ- দুই আদালতের রায়। অবশেষে রিটকারী অ্যাডভোকেট মনজিল মোরসেদ কক্সবাজারের ডিসিকে গত জুন ও জুলাই মাসে দুবার নোটিস দিলেও কাজ হয়নি। এরপর ডিসির বিরুদ্ধে গত ১২ অক্টোবর মনজিল মোরসেদ আদালত অবমাননার মামলা করলে গত ১৯ অক্টোবর হাইকোর্টে হাজির হতে হয় ডিসিকে।
ওই দিন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ডিসি মামুনুর রশিদকে ভর্ৎসনা করে বলেন, ‘বারবার বলার পরও আপনি আদালতের আদেশ বাস্তবায়ন করেননি। আপনি আদালতের আদেশ মান্য করুন। আদালতের আদেশ না মানলে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আপনি এই ঝুঁকিতে কেন যাচ্ছেন?।’
শুনানিতে হাইকোর্ট আরও বলেন, ‘আমরা কখনও ঢালাওভাবে কারও বিরুদ্ধে কনটেম্পট করি না। তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাকে আদালতের মনোভাব জানিয়েছেন। এরপরও তিনি সর্বোচ্চ আদালতের আদেশ মানেননি। এ কারণে তলব করেছি।’
ডিসিকে উদ্দেশ করে আদালত বলেন, ‘কক্সবাজারকে সারা বিশ্বের মানুষ চেনে। আপনি সেই কক্সবাজারের ডিসি। কক্সবাজারের সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখুন। আপনাকে সারা বিশ্বের মানুষ চিনবে।’ আদালত বলেন, ‘উচ্ছেদ করে আমরা তাদের বঙ্গোপসাগরে ফেলে দিতে বলছি না। আপনি সুন্দর ব্যবস্থাপনা করুন। মানুষ আপনাকে মনে রাখবে। আমরা প্রতিদিন পত্রিকা-টিভি খুলে দেখি আপনি কী করছেন। কিন্তু আপনার পারফরম্যান্স জিরো তো নয়ই, নেগেটিভও।’
এ সময় কক্সবাজারের ডিসি আদালতকে বলেন, ‘আমি কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এখন আদালতের আদেশ বাস্তবায়ন করব।’
হাইকোর্ট বলেন, ‘শুধু করব বললে হবে না। আপনাকে করতেই হবে। আদালতের আদেশ না মানলে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’
তখন ডিসি বলেন, ‘আমি আদালতের আদেশ অক্ষরে অক্ষরে পালন করব।’
এ ব্যাপারে কক্সবাজারের বর্তমান ডিসি শাহীন ইমরানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ২০২২ সালের ডিসেম্বরের শুরুতে এখানে যোগদান করেছি। হাইকোর্টের আদেশ যা ছিল তা মোটামুটি বাস্তবায়ন করা হয়েছে। সমুদ্রসৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্ট এখন অনেকটাই দখলমুক্ত।’
ডিসি আরও বলেন, ‘এ ধরনের কাজ প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। স্থানীয় মানুষ যদি সহযোগিতা না করে, তাহলে এত বড় এলাকা আমাদের পক্ষে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করা কষ্টকর।’
চট্টগ্রাম শহরের চাক্তাই খাল ও রাজাখালী খালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত ১৬ মার্চ দেওয়া ওই নির্দেশ ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছিলে চট্টগ্রামের ডিসি, এডিসি, পুলিশ কমিশনার, বাঁকলিয়ার এসি ল্যান্ড ও ওসিকে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই আদেশ আর বাস্তবায়ন হয়নি। হাইকোর্টেও আসেনি আদেশ বাস্তবায়নের প্রতিবেদন।
‘সবাই মিলে কাপ্তাই হ্রদ দখল’শিরোনামে একটি প্রতিবেদন গত ১৭ অক্টোবর হাইকোর্টে উপস্থাপন করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
প্রতিবেদনে বলা হয়, রাঙামাটি পৌরসভার মেয়র নিজে রক্ষক হয়ে হ্রদ দখল করে বসে আছেন। রাঙামাটি শহরে হ্রদ দখল করে নির্মিত হয়েছে পুলিশের অফিসার্স মেস ও পলওয়েল পার্ক, জেলা পরিষদের কমিউনিটি সেন্টার, ফ্রেন্ডস ক্লাবসহ বিভিন্ন স্থাপনা। চোখের সামনে যখন হ্রদ দখল করে প্রভাবশালীদের এসব স্থাপনা উঠছে, তখন বসে নেই সাধারণ ভূমিদস্যুরাও। কাপ্তাই হ্রদ দখল করে স্থাপনা নির্মাণে তাদের মধ্যেও চলছে এক ধরনের প্রতিযোগিতা।
এ প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট গত ১৭ অক্টোবর কাপ্তাই হ্রদে আর যাতে মাটি ভরাট বা স্থাপনা নির্মাণ না করা হয়, তা নিশ্চিত করতে রাঙামাটির জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ছয় বিবাদীকে নির্দেশ দিয়েছেন। তবে এখন পর্যন্ত আদেশ বাস্তবায়নের কোনো প্রতিবেদন হাইকোর্টে আসেনি বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।
বিষয়টি নিয়ে গত ৩১ ডিসেম্বর ২০২২ মোবাইল ফোনে কথা হয় রাঙামাটির ডিসি মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘হাইকোর্টে প্রতিবেদন দেব কীভাবে? এখন পর্যন্ত তো হাইকোর্টের আদেশই আমাদের হাতে আসেনি।’
তিনি বলেন, ‘আমি আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে চাই। কিন্তু এর জন্য সবার আগে স্থানীয়দের সচেতন হতে হবে। কারণ জেলা প্রশাসনের সবকিছু দেখভাল করার মতো লোকবল নেই। স্থানীয় প্রভাবশালী অনেকের চাপও থাকে আমাদের ওপর। তারপরও আমরা চেষ্টা করছি আদালতের নির্দেশ বাস্তবায়নে।’
তিনি বলেন, ‘রাঙামাটির জনগণই সিদ্ধান্ত নেবে তারা তাদের কাপ্তাই লেকসহ নিজেদের জেলাটা কেমন রাখবে।’
বরিশাল মহানগর, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকায় অবস্থিত ব্যক্তিমালিকানাধীন হিসেবে রেকর্ড করা পুকুরগুলোকে ‘জলাধার সংরক্ষণ আইন, ২০০০’-এর ২ (চ) ধারায় প্রাকৃতিক জলাধারের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে ২০২০ সালের ২২ অক্টোবর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছিলেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম (বর্তমানে আপিল বিভাগের বিচারক) ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের সেই রায় উপেক্ষিতই থেকে গেছে। গত দুই বছরে বরিশাল শহরের অসংখ্য পুকুর ও জলাশয় ভরাট হয়ে গেছে।
জানা গেছে, পুকুর-জলাশয় ভরাটের কারণে বরিশাল শহরের ফকিরবাড়ি রোড, কাউনিয়া, কলেজ অ্যাভিনিউ, ভাটিখানা, গোরস্তান রোডসহ বিভিন্ন সড়কে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বরিশালের ডিসি মো. জাহাঙ্গীর হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এ জেলার প্রশাসক হয়েছি এক মাস হলো। তাই পুকুর ভরাটের বিষয়ে খুব একটা বলতে পারব না। আমাদের এ বিষয়টি দেখেন একজন এডিসি। তার কাছ থেকে জেনে ব্যবস্থা নেব।’
প্রতিদিনের বাংলাদেশ



