
‘ইভিএম ব্যবহার সংবিধান সম্মত’
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল ২৫ নভরম্বর রবিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজ, দায়রা জজ এবং মেট্রোপলিটন দায়রা জজদের ২৪তম বিচার প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার সংবিধান সম্মত।
তিনি বলেন, সংবিধানে যেটা লেখা আছে, তার আওতায় থেকেই নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে।
কয়েকটি আসনে ইভিএমের ব্যবহার করে নির্বাচন করা নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমি একটি জিনিস বুঝলাম না, সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান (ড. কামাল হোসেন) ওনাদের (বিএনপি) নেতা হিসেবে আছেন। তারপরও ওনারা কীভাবে এসব বক্তব্য দেন?
তিনি বলেন, একটা সময় কম্পিউটারে বা ইন্টারনেটে নির্বাচনের ফলাফল ঘোষণার কোনও নিয়ম ছিল না। কারণ, যখন সংবিধান রচনা করা হয়েছিল, তখন এসব প্রযুক্তি ছিল না। আর সংবিধানে সব কথা লেখা থাকে না। সংবিধানে যেটা লেখা আছে, তার আওতায় থেকেই কিন্তু এই ব্যবস্থা (ইভিএম) করা হচ্ছে। কাজেই এটা বলা যায়, এই ইভিএম ব্যবহার সংবিধান সম্মত।



