যুক্তরাষ্ট্র

ইমপিচমেন্টের বৈধতা চ্যালেঞ্জ ট্রাম্পের আইনজীবীদের

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, মেয়াদ শেষ হওয়ার পর কোনও প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বিচার চালানোর বৈধতা সিনেটের থাকে না।

ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার তারা এ কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্স।

সাবেক প্রেসিডেন্টের আইনজীবীদের ভাষ্যের বিপরীতে অভিশংসন মামলার কৌঁসুলির দায়িত্ব পালন করা ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ৬ জানুয়ারি ক্যাপিটলে সমর্থকদের হামলার দায় পুরোপুরিভাবে ট্রাম্পকেই দিয়েছেন।

সিনেটে ইমপিচমেন্ট বিচারের যুক্তিতর্ক শুরুর এক সপ্তাহ আগে মঙ্গলবার ট্রাম্পের আইনি দল ও প্রতিনিধি পরিষদের প্রতিনিধিত্ব করা ৯ ডেমোক্র্যাট নিজ নিজ পক্ষের প্রাথমিক আলোচনা তুলে ধরেন।

২০ জানুয়ারি মেয়াদ শেষে দায়িত্ব হস্তান্তরের পর ট্রাম্প ‘এখন সাধারণ নাগরিক’ এই যুক্তি তুলে গত সপ্তাহে সিনেটে ইমপিচমেন্ট বিচার বাতিল করার দাবি করেছিলেন রিপাবলিকান সদস্যরা। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে এই প্রস্তাব হালে পানি না পেলেও ৫০ রিপাবলিকান সিনেটরের মধ্যে ৪৫ জন এর প্রতি সমর্থন জানিয়েছিলেন। এখন ট্রাম্পের আইনজীবীরা গত সপ্তাহের ওই বিতর্কের ওপরই জোর দিচ্ছেন। ফের একই যুক্তি সামনে এনেছেন তারা।

ক্যাপিটলে সমর্থকদের হামলার আগে দেওয়া বক্তৃতায় ট্রাম্পই সহিংসতা উসকে দিয়েছিলেন বলে ডেমোক্র্যাটরা যে অভিযোগ এনেছেন ১৪ পৃষ্ঠার ব্রিফিংয়ে তাও অস্বীকার করেছে ট্রাম্পের আইনজীবী দল।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension