
ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্চিত ঘোষণা পরিবহন শ্রমিকদের
রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ পরিবহন মালিক-শ্রমিক নেতারা দেশের সকল বাস টার্মিনালে নিরাপদ সড়ক চাই-নিসচা আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন।
তারা বলেন, আমরাও চেয়েছিলাম সড়ক নিরাপদ হউক। তাই ইলিয়াস কাঞ্চনের সকল কর্মসূচীর প্রতি পরিবহন সেক্টরের মানুষের সমর্থন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি মালিক শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নেন। তার পরামর্শেই সড়ক পরিবহন আইনের অনেক ধারায় অপরাধ জামিন অযোগ্য করা হয়েছে। তেমনি চালকদের ফাঁসিরও দাবি জানিয়েছেন তিনি। তাই দেশের সকল বাস টার্মিনালে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
শনিবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ফুলবাড়িয়া বাস-টার্মিনালে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে সড়ক পরিবহন আইনে জামিন অযোগ্য ধারা বাতিলের দাবি জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
তারা বলছেন, নতুন আইনের সব ধারাই জামিনযোগ্য করতে হবে। তাই দ্রুত সময়ের মধ্যে আইনের সংশোধন চান তারা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান হিরুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ওসমান আলী, আব্দুল করিম দুদু, মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সায়েদাবাদ টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা করম আলী, নূরুল আমিন নুরু, শহিদুল্লাহ শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, আইন পাশ করার আগে পরিবহন মালিক শ্রমিকদের মতামত নিয়েছিল সরকার। আমরা বারবার বলেছি আইনের সব ধারায় অপরাধ জামিনযোগ্য হতে হবে। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখেনি আইন মন্ত্রণালয়। অন্যান্য সেক্টরের প্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে আইনের অনেক ধারা জামিন অযোগ্য করা হয়েছে। এতে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষুদ্ধ। তারা বলছেন, এসব ধারা পরিবহন সেক্টরকে অস্থির করে তুলবে।
গত ১৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন বিল-২০১৮ সংসদে পাস হয়। মোট ৪টি সংশোধনী নিয়ে ৫৭ পৃষ্ঠার বিলটি উপস্থাপন করা হলে সংসদে কণ্ঠভোটে পাশ করেন সংসদ সদস্যরা। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮৪, ৯৭ ও ১০৩ ধারায় সংঘটিত অপরাধগুলো জামিন অযোগ্য।



