
‘একটি গোষ্ঠীকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে’- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: দেশইনফো ডটকম ডটবিডির আয়োজিত আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আইনমন্ত্রীর ষড়যন্ত্রে’ ব্যারিস্টার মইনুল হোসেন কারাগারে গেছেন বলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। নারী সাংবাদিককে কটূক্তির ঘটনায় মইনুল হোসেনের পক্ষে ড. কামালের ক্ষমা চাওয়া উচিত।
আজ শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক প্রধান ‘বিচারপতি এসকে সিনহার স্বপ্নভঙ্গ: বিচার বিভাগের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে ধূম্রজাল সৃষ্টি করে একটি গোষ্ঠীকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে সামনে রেখে ঐক্যফ্রন্ট এবং সিনহার বই প্রকাশ, এ সবই ষড়যন্ত্রের অংশ।
বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এস কে সিনহাকে যেভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তাতে বিচার বিভাগে মহাপ্রলয় ঘটে গেছে। এখন বিচার বিভাগের এই ক্ষত দূর করার দায়িত্বও সরকারকে নিতে হবে।
তিনি আরও বলেন, রায় পছন্দ বা অপছন্দ যাই হোক, সবাইকে রায় মানতে হবে। রায় মানা বাধ্যতামূলক।
সাংবাদিক রাশেদ চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সাজেদা হক। ব্যারিস্টার তুরিন আফরোজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল হোসেন কলিমুল্লাহ, আইনজীবী সুব্রত চৌধুরী, ব্যারিস্টার সারওয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু প্রমুখ।



