যুক্তরাষ্ট্র

এ ব্যাপারে ‘অনুমতি’ দেওয়া হবে না, চীনকে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

তাইওয়ানকে বিচ্ছিন্ন করার ব্যাপারে চীনকে ‘অনুমতি’ দেওয়া হবে না বলে হুশিয়ার করেছেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। শুক্রবার জাপান সফরকালে তিনি এ হুশিয়ারি দেন বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে বেইজিং ও তাইপের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া শুরু করেছে চীন।

অবশ্য এশিয়া সফরে পেলোসির শেষ গন্তব্য টোকিওতে ওই মহড়ার বিষয়ে সরাসরি মন্তব্য করেননি তিনি ।তবে মার্কিন রাজনীতিবিদদের অবাধে তাইওয়ানে ভ্রমণ করতে সক্ষম হওয়া উচিত বলে যুক্তি দিয়েছেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তারা (চীন) তাইওয়ানকে অন্য জায়গায় যাওয়া বা অংশগ্রহণ করা থেকে বিরত রাখার চেষ্টা করতে পারে, কিন্তু তারা আমাদের সেখানে ভ্রমণে বাধা দিয়ে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারে না।

এ সময় তিনি বলেন, ‘তাইওয়ান বিশ্বের স্বাধীন দেশগুলোর মধ্যে একটি’ এবং ‘দেশটির একটি সমৃদ্ধ অর্থনীতির সঙ্গে শক্তিশালী গণতন্ত্র’ও রয়েছে।

প্রসঙ্গত, মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে স্বশাসিত দ্বীপটিকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। ওই মহড়ার সময় বেইজিং তাইওয়ানের জলসীমায় ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে বলে অভিযোগ করেছে তাইপে প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ওই সামরিক মহড়া শুরু করে চীন। চীনের এই মহড়ার কারণে তাইওয়ানে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।

চীনের ওই সামরিক মহড়া স্থানীয় সময় শনিবার দুপুরে শেষ হবে। সামরিক এ মহড়া তাইওয়ানের আশপাশের আকাশ ও জলসীমায় অব্যাহত থাকবে।

এদিকে তাইওয়ান কর্তৃপক্ষ বলছে, চীনের এ মহড়া জাতিসংঘের নিয়মবহির্ভূত। তাইওয়ানের আঞ্চলিক আকাশসীমায় মহড়া নিয়ে সরাসরি আকাশ ও সমুদ্রসীমায় প্রবেশ স্বাধীনতার জন্য হুমকি।

তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) বলেছে, চীন আন্তর্জাতিক জলপথের সবচেয়ে বড় ব্যস্ত অংশে মহড়া পরিচালনা করছে, যা দায়িত্বহীনতা, অবৈধ আচরণ।

অন্যদিকে তাইওয়ানের মন্ত্রিপরিষদের মুখপাত্র এ মহড়ার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের ওয়েবসাইটে হামলা করেছে হ্যাকাররা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension