
করোনার সময়ে প্রবাসীদের প্রতি যে আচরণ করতে দেখেছি সেটাই বলেছি। তবে মালয়েশিয়ার কাউকে আহত করতে চাই নি বলে জানিয়েছেন মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি তরুণ রায়হান কবির।
বুধবার সকাল ১১টায় রায়হান কবিরের সঙ্গে দেখা করার পর এসব তথ্য জানান তার আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা। তিনি বলেন, রায়হান জানিয়েছে গ্রেফতারের পর তার সঙ্গে কোনও দুর্ব্যবহার করা হয় নি।
আর জিজ্ঞাসাবাদে রায়হান ইমিগ্রেশন পুলিশকে বলেছে, কোভিড-১৯ চলাকালে তিনি যা দেখেছেন তাই বলেছেন এবং এগুলো তার একান্তই নিজস্ব অনুভূতি।
তবে মালয়েশিয়া বা এখানকার কোনও নাগরিককে তিনি আহত করতে চান নি। রায়হান জানিয়েছেন, তিনি দ্রুত দেশে ফিরতে চান।
এর আগে গত সোমবার আইনজীবীরা মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে গিয়ে রায়হানের সঙ্গে দেখা করতে চাইলে তারা জানান, পরে তারা দেখা করার জন্য তারিখ দেবেন।
আজ বুধবার ১১ টায় সেই তারিখ দেওয়া হয়। নির্ধারিত সময়ে গিয়ে রায়হানের সঙ্গে কথা বলেন আইনজীবীরা। এ সময় ইমিগ্রেশনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।❑



