
করোনা মোকাবিলায় প্রয়োজন ১০ হাজার কোটি ডলার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নানা দেশের সরকার ও সংস্থা কোভিড-১৯ মোকাবিলায় যে পরিমাণ অর্থ বরাদ্দের অঙ্গীকার করেছে, তা মোটেও যথেষ্ট নয়। প্রতিশ্রুত অর্থ আর দরকারি তহবিলের মধ্যে ফারাকটাও বিপুল। আজ সোমবার (১০ আগস্ট) একথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস।
বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে, এপর্যন্ত বিশ্বব্যাপী ৭ লাখ ২৯ হাজার ৮৮৩ জন কোভিড-১৯ সংক্রমণে প্রাণ হারিয়েছেন। আর মোট সংক্রমিতের সংখ্যা প্রায় এক কোটি ৯৯ লাখ ২০ হাজার জন।
২০১৯ সালের ডিসেম্বরে প্রথম চীনে শনাক্ত হওয়ার পর থেকে জীবাণুটি এপর্যন্ত ২১০টি দেশ এবং অঞ্চলে ছড়িয়েছে।
‘এ অবস্থায় সকল মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানো নিশ্চিত করতেই ১০ হাজার কোটি ডলার তহবিল প্রয়োজন’ বলে জানান হু মহাসচিব। সোমবার জেনেভায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তর থেকে প্রচারিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
দ্রুতগতিতে স্বাস্থ্য সেবার সুযোগ সকলের জন্য নিশ্চিত করার আন্তর্জাতিক এক উদ্যোগের ব্যাপারে তিনি বলেন, ‘আগামী তিন সপ্তাহ হবে অ্যাক্ট (আকসেস টু কোভিড-১৯ টুলস) কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক সময়। এর মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলবে। তবে এর পাশাপাশি বৈশ্বিক জনস্বাস্থ্যের নিরাপত্তায় অর্থায়নও বাড়াতে হবে।’
অ্যাক্ট কার্যক্রমকে তিনি ‘এক চিলতে আশার আলো’ বলেও উল্লেখ করেন।
হু’ প্রধান আরো বলেন, ‘মহামারি পরিস্থিতির মোড় ঘোরানোর প্রচেষ্টা সবসময় চালিয়ে যাওয়া উচিৎ। নিরাশ হলে চলবে না। সুযোগ এবং সদিচ্ছার মাধ্যমে একে মোকাবিলা করতে হবে। মনে রাখবেন ভাইরাসের হুমকি প্রতিরোধে একটি জিনিষই করনীয়; তা হলো একে দমন করার চেষ্টা অব্যাহত রাখা।’❐



