বাংলাদেশ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘একদমই ভালো না’: আসিফ নজরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

হাসপাতাল থেকে ফিরে রাত ১টা ৩ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।

এর আগে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজে আইন উপদেষ্টাকে এভারকেয়ারে পাঠালেন প্রধান উপদেষ্টা

ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। এর আগে শুক্রবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছিলেন যে, বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

এর আগে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনও ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন প্রধান উপদেষ্টা।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই এখন তার চিকিৎসা চলছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর থেকে শারীরিক নানা জটিলতায় তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension