
খোকার মৃত্যুতে বিএনপির শোক
রূপসী বাংলা নিউজ ডেস্ক: একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন।
আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে বাংলাদেশ সময় দুপর ১ টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন সাদেক হোসেন খোকা (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান ক্রান্তিকালে দেশ একজন যোগ্য নেতাকে হারালো। তিনি ছিলেন ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দেশমাতৃকার মুক্তির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। যখন অশান্তির আগুনে দেশবাসী দগ্ধ হচ্ছে তখন এই দুঃসময়ের মুখোমুখি হয়েও স্থির লক্ষ্যে এগিয়ে যাওয়ার নির্ভিক নেতা ছিলেন সাদেক হোসনে খোকা।
তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ সাদেক হোসেন খোকা তার রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে গৌরবোজ্জল ভূমিকা পালনের জন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
মির্জা আলমগীর বলেন, সাদেক হোসেন খোকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তিনি ঢাকা মহানগরী বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করেছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তার জনসেবা ও দেশের প্রতি অঙ্গীকার সর্বদাই স্মরণীয়। বর্তমান দুঃসময়ে সাদেক হোসেন খোকার মতো পূর্ণাঙ্গ রাজনীতিবিদের পৃথিবী থেকে চলে যাওয়াতে রাজনৈতিক অঙ্গনে গভীর শুন্যতার সৃষ্টি হলো।
বিএনপি মহাসচিব সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।



