
গাঁজার ব্যবহার অপরাধ নয় : বাইডেন
গাঁজা ব্যবহার কোনো অপরাধ হতে পারে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি এই অপরাধে যেসব মার্কিনি কারাগারে আছেন, তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তিনি। স্মর্তব্য যে, নির্বাচনী ইশতেহারে গাঁজা বৈধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই নির্বাহী আদেশ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আদেশে বলা হয়, ‘ব্যক্তিগত ব্যবহারের জন্য’ গাঁজা বহন এখন থেকে আর অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। এ ব্যাপারে চলমান মামলাগুলোও তুলে নেওয়া হবে। তাতে কারাগার থেকে মুক্তি পাবেন হাজার হাজার মার্কিনি।
গাঁজা ব্যবহারের জন্য কেউ কারাগারে থাকবে—এটা কোনো কাজের কথা নয়। এই অপ্রয়োজনীয় শাস্তির কারণে অনেক মার্কিনির জীবন নষ্ট হয়ে গেছে।
জো বাইডেন
গাঁজা বহনের অপরাধে যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় সাড়ে ছয় হাজার মামলা চলমান। মামলাগুলো বাতিল করা হলে দোষীরা কর্মসংস্থান, আবাসন এবং শিক্ষার সুযোগ পেতে এত দিন যেসব বাধার সম্মুখীন হতেন, সেগুলো দূর হয়ে যাবে।
বাইডেন তার আদেশে বলেন, গাঁজা ব্যবহারের জন্য কেউ কারাগারে থাকবে—এটা কোনো কাজের কথা নয়। এই অপ্রয়োজনীয় শাস্তির কারণে অনেক মার্কিনির জীবন নষ্ট হয়ে গেছে। তাই রাজ্য পর্যায়েও গাঁজা বহনের জন্য দোষী সাব্যস্তদের ক্ষমা ঘোষণা করতে গভর্নরদের প্রতি আহ্বান জানাচ্ছি।



