জাতিসংঘ

জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের অর্থ ছেড়ে দিতে ইরানের আহ্বান

আফগানিস্তানে চলছে চরম দুঃসময়। ভূমিকম্পে বিধ্বস্ত দেশটির একাংশ। প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। মাটির সঙ্গে গুঁড়িয়ে গেছে একের পর এক জনপদ। এমন অবস্থায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে প্রতিবেশি দেশ ইরান। একইসঙ্গে এই দুঃসময়ে যুক্তরাষ্ট্রে আটকা থাকা আফগানিস্তানের বিপুল অংকের অর্থ ফেরত দেয়ার আহ্বানও জানিয়েছে তেহরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি শুক্রবার নিউ ইয়র্কে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান। এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

খবরে জানানো হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও ২ হাজার মানুষ। ধ্বংসস্তুপের নীচে আরো বহু মানুষের চাপা পড়ে থাকার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কার জানিয়েছে তালেবান সরকার। নিজেদের অক্ষমতার কথা জানিয়ে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালেবান।

এরশাদি তার বক্তব্যে, তালেবানের এই আহবানে সাড়া দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন।

ইরান এরইমধ্যে আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা পাঠিয়েছে। একই কাজ করতে আন্তর্জাতিক সমাজের প্রতিও আহ্বান জানান এরশাদি। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের রিজার্ভের অর্থ ছেড়ে দেয়ার আহবান জানান। তিনি বলেন, যেসব দেশ মৌলিক আন্তর্জাতিক ও মানবিক আইন লঙ্ঘন করে আফগানিস্তানের অর্থ আত্মসাৎ বা জব্দ করেছে সেসব দেশের উচিত এই বিপদের সময়ে কাবুলকে সেসব অর্থ ফেরত দেয়া।
জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি আফগানিস্তানের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও দেশটির জনগণের দুর্দশার খবর ঠিকমতো প্রচার না করায় পশ্চিমা গণমাধ্যমগুলোরও তীব্র সমালোচনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension