
জ্বালানি কোম্পানির ওপর বিধিনিষেধের হুমকি জো বাইডেনের
মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জ্বালানি তেল ও গ্যাস কোম্পানিগুলোর সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি উচ্চ করারোপ ও নিষেধাজ্ঞার হুমকি দিলেন তিনি। খবর রয়টার্স।
গতকাল সোমবার বাইডেন বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সুবিধা নিয়ে জ্বালানি কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করছে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে জনগণকে স্বস্তি দিতে জ্বালানির দাম কমানো ও উৎপাদন বাড়ানোর প্রস্তাব দেন তিনি। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে উচ্চ করারোপ ও নিষেধাজ্ঞার হুমকি দেন।
তিনি বলেন, জ্বালানি তেল কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও জনগণকে সাহায্য করার প্রতিশ্রুতি রাখেনি। তারা অবিশ্বাস্য রকমের মুনাফা করছে।
ইউক্রেন যুদ্ধের কারণে কোম্পানিগুলো উচ্চ মুনাফা করছে। যে যুদ্ধ ইউক্রেনকে ধ্বংস করছে, সেখানে তাদের দায়িত্ব রয়েছে বলে মনে করেন বাইডেন।
তিনি বলেন, আমি মনে করি এটি আপত্তিজনক। এ মুনাফা যদি ভোক্তাদের কাছে পৌঁছে দেয়া যায়, তাহলে পেট্রলের দাম প্রায় ৫০ সেন্ট কমবে।
সতর্ক করে জো বাইডেন বলেন, কোম্পানিগুলো যদি দাম না কমায়, তাহলে অতিরিক্ত মুনাফার ওপর উচ্চ কর দিতে হবে এবং অন্যান্য বিধিনিষেধের সম্মুখীন হবে তারা।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, ডেমোক্র্যাট বা রিপাবলিকান যারাই কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকুক, অতিরিক্ত মুনাফার জন্য জ্বালানির ওপর করারোপের আইন পাস করা কঠিন হবে।
এ দিকে গত জুলাইয়ে ব্রিটিশ উত্তর সাগরে তেল ও গ্যাস উত্পাদকদের উপর ২৫ শতাংশ উইন্ডফল ট্যাক্স অনুমোদন করেছে যুক্তরাজ্য। এ বাবদ এক বছরে দেশটি ৫৯৫ কোটি ডলার পাবে, যা ক্রমবর্ধমান জ্বালানি খরচ নিয়ে হিমশিম খাওয়া জনগণকে সাহায্য করবে।



