
টেক্সাসে স্কুলে গুলিতে এক ছাত্র নিহত, এক ছাত্রী আহত
যুক্তরাষ্ট্রের টেক্সাসের আরলিংটনের এক মাধ্যমিক স্কুলের পাশে গুলিতে এক ছাত্র নিহত এবং এক ছাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে আরলিংটন পুলিশের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।
আরলিংটন পুলিশ বলেছে, সকাল ৭টার কিছু আগে লামার হাইস্কুল নামের মাধ্যমিক ওই স্কুলে গুলির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গুলিবিদ্ধ এক ছাত্রকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয় পুলিশ। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এ ছাড়া এক ছাত্রীও সামান্য আহত হয়েছে।
টিম সিসকো নামে পুলিশের এক মুখপাত্র বলেছেন, স্কুলটির কার্যক্রম সাধারণত ৭টা ৩৫ মিনিটে শুরু হয়। তাই গুলির ঘটনার সময় সব শিক্ষার্থী স্কুলটিতে উপস্থিত ছিল না। সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর স্কুলটি বন্ধ করে দেওয়া হয়।
গতকাল বিকেলে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজন ওই বন্দুকধারী কিশোর হওয়ায় তার নাম পুলিশ বিভাগ প্রকাশ করতে পারছে না। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাকে টারান্ট কাউন্টি কিশোর ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। চলমান তদন্তের পর পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগ আরও বাড়বে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন ওই কিশোর কখনো স্কুল ভবনটিতে প্রবেশ করেনি এবং গুলিবর্ষণের পর তাৎক্ষণিকভাবে স্কুল প্রাঙ্গণ থেকে দৌড়ে সরে যায়। গুলিবর্ষণের কারণ এখনো জানা যায়নি। ঘটনার পর স্কুলটি ওই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।



