
ট্রাম্প-মেদভেদেভ বাকবিতণ্ডা পর ‘পরমাণু বক্তব্যে’ সতর্কতা অবলম্বনের আহ্বান রাশিয়ার
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে অনলাইনে বাকবিতণ্ডার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইটি পরমাণু সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেওয়ার পর সোমবার (৪ আগস্ট) রাশিয়া ‘পরমাণু বিষয়ক বক্তব্যে’ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
ট্রাম্প বলেছেন, মেদভেদেভের ‘উসকানিমূলক মন্তব্যের’ প্রতিক্রিয়ায় তিনি ওই নির্দেশ দিয়েছেন এবং সাবমেরিনগুলোকে ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েন করা হবে।
তিনি সেগুলো মোতায়েনের নির্দিষ্ট অঞ্চল সম্পর্কেও কিছু জানাননি। মার্কিন সেনাবাহিনী সাধারণত এগুলো গোপন রাখে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। আমরা বিশ্বাস করি, সবাইকে পরমাণু বিষয়ক বক্তব্যে অত্যন্ত, অত্যন্ত সতর্ক হতে হবে।’
মেদভেদেভ ও ট্রাম্পের মধ্যে এই বাকযুদ্ধ এমন এক সময়ে ঘটে, যখন ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন এবং তা না মানলে দেশটির বাকি বাণিজ্য অংশীদারদের ওপরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।
এর আগে মেদভেদেভ ট্রাম্পকে অভিযুক্ত করে বলেন, তিনি ‘চূড়ান্ত হুমকির খেলা খেলছেন’। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দেন, ‘প্রতিটি নতুন চূড়ান্ত হুমকি একটি করে যুদ্ধের প্রস্তাব—এটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নয়, বরং ট্রাম্পের নিজের দেশের সঙ্গে।’
মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এক মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন।



