
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ড. কামালের কাছে নির্বাচন মুখ্য নয়, মুখ্য খালেদা-তারেকের মুক্তি। তিনি এখন বিএনপি-জামাতের ধানের শীষের বোঝা মাথায় নিয়েছেন। অথচ এই ধানের শীষ, আর তারেক সম্পর্কে তিনি অতীতে যা বলেছিলেন সেটা স্মরণ করলেই, জনগণের সাথে তার প্রতারণা ধরা পড়ে। কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। আসলে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন।”
আজ ২২ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে এবং পরবর্তীতে তৃতীয় শ্রেণী-চতুর্থ শ্রেণী কর্মচারী ও নার্সদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, তারা এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে হুমকি-ধামকি দিচ্ছে। হুমকি-ধামকি দিয়ে কাউকে নির্বাচন থেকে বিরত করা যাবে না। আমরা এখনও আশা করি ওই সংঘর্ষ-সংঘাতের পথ পরিহার করে তারা নির্বাচনে আসবে, সেখানে জনগণই সিদ্ধান্ত নেবে জনগণ কার পক্ষে থাকবে।
তিনি বলেন, বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। দশ হাজার নার্স নিয়োগ দিয়েছেন। এই সরকার পুনরায় ক্ষমতায় ফিরে এসে এর প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিক্যাল কলেজ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ। বক্তব্য রাখেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দীন রতন, আওয়ামী লীগের ২০ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী মনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।



