প্রধান খবরবাংলাদেশ

দুজনকে পিটিয়ে হত্যা : ‘এ্যালা মুই কেমন করি বাঁচিম, কার কাছোত বিচার চাইম’

১০ বছর বয়সী মেয়ে রুপা দাস ও ১৩ বছর বয়সী ছেলে জয় দাসকে জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন ভারতী দাস। বুক ভেঙে কান্না আর বিলাপে তিনি বলছিলেন, ‘এ্যালা মুই কেমন করি বাঁচিম? ছোট ছাওয়া দুইটাক কায় খাওয়াইবে পড়াইবে? মোর নির্দোষ স্বামীক কেন মারিল, বেটিটার বিয়ার কী হইবে? মুই কোনটে যাইম, কী করিম? কার কাছোত বিচার চাইম?’

বড় মেয়ে নুপুর দাস (১৮) মায়ের গলা ধরে কাঁদছিলেন। তাঁর কণ্ঠেও অসহায়ত্বের হাহাকার, ‘এ্যালা কয় হামাক দ্যাখপে, কায় মাও কয়া দাকপে, হামরা যে এতিম হয়া গেইনো।’

ছেলে হারিয়ে বৃদ্ধ লালিচা দাস (রুপলালের মা) কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। প্রতিবেশীরা তাঁর মুখ ও মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরান। তারপরও কান্নাজড়ানো কণ্ঠে বলতে থাকেন, ‘মোর ছেলেটার দোষ কী? কেন ওক দাংগে মারিল? মোর বাবা তো কারও ক্ষতি করত না। হামাক দ্যাখপার যে আর কায়ও থাকিল না। যায় মোর ব্যাটাক মারছে, তাঁর বিচার চাও।’

পরিবার সূত্রে জানা গেছে, রুপলাল দাস (৪০) স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন। ছোট্ট একটি টিনের ঘরে তিনি মা, স্ত্রী ও তিন সন্তানসহ থাকতেন। অল্প আয়ে ছয়জনের সংসার চালাতেন। সহায় সম্বল বলতে চার শতক জমি। প্রদীপ দাস (৩৫) মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের বাসিন্দা। জীবিকা নির্বাহ করতেন ভ্যান চালিয়ে।
আজ রোববার সকালে ঘনিরামপুর গ্রামে গিয়ে দেখা যায়, রুপলালের বাড়িতে চলছে আহাজারি, শোক। স্বজনেরা বলছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁরা দিশাহারা।

নিহত ব্যক্তিদের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার এক তরুণের সঙ্গে রুপলাল দাসের মেয়ে নুপুর দাসের বিয়ে কথাবার্তা চলছিল। আজ বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল। এ জন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে আত্মীয় রুপলাল দাসের বাড়ির উদ্দেশে রওনা হন প্রদীপ দাস। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রুপলালকে ফোন করেন। রুপলাল সেখানে যান। তাঁরা দুজনে ভ্যানে চড়ে রুপলালের বাড়ি ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন। রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে ভ্যানচোর সন্দেহে তাঁদের দুজনকে থামান স্থানীয় কয়েকজন। এরপর সেখানে লোক জড়ো হতে থাকে।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে তিনিও মারা যান বলেন নিশ্চিত করেছেন নিহত রুপলাল দাসের ভাই খোকন দাস।

নিহত রুপলাল দাসের বাড়িতে প্রতিবেশী ও স্বজনেরা। আজ রোববার সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামে
নিহত রুপলাল দাসের বাড়িতে প্রতিবেশী ও স্বজনেরা। আজ রোববার সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামেছবি: প্রথম আলো

ঘনিরামপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, ‘রুপলাল দীর্ঘদিন ধরে তারাগঞ্জ বাজারে জুতা সেলাইয়ের কাজ করেন। তিনি কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। তাঁকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা অমানবিক। এ ঘটনায় ন্যায়বিচার হওয়া উচিত।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, নিহত রুপলালের নামে থানায় কোনো মামলা নেই। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কুর্শা ইউনিয়ন পরিষদের সদস্য তুহিনুর ইসলাম বলেন, ‘রুপলাল দাস দিন করে দিন খায়। তাঁর মেয়ের বিয়ের কথা ছিল। তাঁকে মেরে ফেলায় পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। আল্লাহ ভালো জানে, তাঁদের সংসার এখন কেমন করে চলবে। তাঁর সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা মানবজাতি হিসেবে কোনোভাবেই কাম্য নয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension