
দেশে ফিরলেন রাষ্ট্রপতি
গনি আল-মারুফ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুইজারল্যান্ডের জেনেভায় পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল সোয়া ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান।এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
গত ২১ অক্টোবর রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন জেনিভায় পৌঁছান রাষ্ট্রপতি। ২২ থেকে ২৬ অক্টোবর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগ ফোরাম-২০১৮ এর উদ্বোধনী অধিবেশনে অংশ নেন তিনি।
বিনিয়োগ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি তার বক্তৃতায় মানবসম্পদ, তাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সঠিক বিনিয়োগের ওপর জোর দেন। বিনিয়োগ ফোরামে তিনি বিশ্ব নেতৃবৃন্দ এবং এতে অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।রাষ্ট্রপতি সেখানে তার প্যালেস অব রেসিডেন্সে প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী সম্প্রদায়ের নেতাদের বক্তব্য শোনেন। তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার আহ্বান জানান।



