
নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ রাঙ্গা!
রূপসী বাংলা নিউজ ডেস্ক: সিদ্ধান্ত পাল্টানোর দল এখন জাতীয় পার্টি। আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে জিএম কাদেরকে জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন হুসেইন মুহম্মদ এরশাদ। ৬ এপ্রিল শনিবার হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তিনি চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে এবং তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ছোট ভাই জিএম কাদের। কিন্তু জাতীয় পার্টি পারিবারিক দল নয় মন্তব্য করে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় পার্টি কোনো পারিবারিক দল নয়। এরশাদের অবর্তমানে কে চেয়ারম্যান হবেন, তা দলের সাধারণ সভায় সিদ্ধান্ত হবে।’
মশিউর রহমান রাঙ্গা আরো বলেন, এটা একটা দল কোনো পারিবারিক বিষয় না, যে আমি মারা গেলে আমার ছেলে এটার দায়িত্ব পালন করবে। দলের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা এরশাদ সাহেবের যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তিনি চেয়ারম্যান থাকবেন। উনার পরে বা অবর্তমানে আমরা কী করবো, তা সারা বাংলাদেশের কর্মী নিয়ে আমরা সাধারণ সভা করবো। তারপর নির্ধারণ করবো। চেয়ারম্যান কে হবে, এটাই দলের গঠনতন্ত্রের সিস্টেম।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ছোট ভাই জিএম কাদেরকে উত্তরসূরী ঘোষণা করেন। কিন্তু ২২ মার্চ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কো-চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়। সেই আলোচনার রেশ না কাটতেই মাত্র ১৩ দিনের মাথায় গত ৪ এপ্রিল জিএম কাদেরকে পুনরায় কো-চেয়ারম্যান পদে বহাল করা হয়।



