প্রধান খবরবাংলাদেশ

নারীরা নির্ভয়ে ঘরে-বাইরে কাজ করবে, বাধা দিলেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নারীরা নির্ভয়ে ঘরে-বাইরে কাজ করবে, এতে যারা বাধা দেবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ দেখতে গিয়ে আজ রোববার সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষীরা যাতে কোনোভাবেই ছাড়া না পায় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।

উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মামলা হয়েছে। মামলায় এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তারও করেছে।’ তিনি বলেন, ‘এই ঘটনায় দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।’

অপরাধীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

এসময় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, সবাইকে পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension