
নিউ ইয়র্কে স্কুল শিক্ষার্থীরা মাসিক খাদ্যসহায়তা ভাতা পাবে ৪২০ ডলার
নিউ ইয়র্কে স্কুল শিক্ষার্থীদের ৮৮০ মিলিয়ন ডলারের অতিরিক্ত খাদ্যসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক স্টেট অফিস অব টেম্পোর্যারি ও ডিজ্যাবিলিটি অ্যাসিস্ট্যান্স।
ঘোষণায় জানানো হয়, যারা এর আগে বিনামূল্যে কিংবা হ্রাসকৃত মূল্যে নিজ নিজ স্কুলে খাবার পেয়েছে, শুধু তারাই এই সুবিধা পাবে।
নিউ ইয়র্ক স্টেট অফিস অব টেম্পোর্যারি ও ডিজ্যাবিলিটি অ্যাসিস্ট্যান্স এক কর্মশালায় জানিয়েছে, এই প্রোগ্রামের অধীনে নিউ ইয়র্কের ২১ লাখ ছাত্রের প্রত্যেকে করোনাভাইরাস মহামারিকালে প্রতি মাসে ৪২০ ডলার করে খাদ্যসহায়তা পাবে।
করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীরা এখন স্কুলে যেতে পারছে না এবং মধ্য মার্চ থেকেই স্কুল বন্ধ রয়েছে বলে গভর্নর অ্যান্ড্রু কুমোর অধীনে থাকা ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার অনুরোধ করেছে, প্রতিটি পরিবার, যাদের স্কুলপড়ুয়া শিশু আছে, তাদের এই খাদ্যসহায়তা দেওয়া হবে।
ফেডারেল ফ্যামিলিজ ফার্স্ট অ্যাক্টের আওতায় অঙ্গরাজ্যগুলো ফেডারেল সরকারের কাছে ‘প্যানডেমিক ইবিটি প্রোগামের’ জন্য আবেদন করেছে।
ইলেকট্রনিকস বেনিফিট ট্রান্সফার সংক্ষেপে ইবিটি মূলত করোনা মহামারির জন্য সরকারের একটি পদক্ষেপ। চলতি মে মাস থেকে এর কার্যক্রম শুরু হবে।
এই অন্তর্বর্তীকালীন প্রকল্পের আওতায় প্রশাসন এই দুর্যোগে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবার দেওয়ার লক্ষ্যে তার অভিভাবককে এই খাদ্যসহায়তা দিচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে যারা বিনা মূল্যে বা হ্রাসকৃত মূল্যে খাদ্য সহায়তা পেত, এমন প্রতিটি শিক্ষার্থীর পরিবারের কাছে ডাকযোগে ইবিটি কার্ড পাঠানো হবে। এ জন্য আলাদা করে কোনও আবেদনের প্রয়োজন নেই। প্রশাসন যাদের উপযুক্ত মনে করবে, শুধু তাদেরই এই সহায়তা দেওয়া হবে।
এদিকে বর্তমান করোনা সঙ্কটের মধ্যেই নিউ ইয়র্কের সাড়ে সাত লক্ষ স্বল্প আয়ের ব্যক্তি ও পরিবার ইতোমধ্যে স্ন্যাপ প্রোগামের অধীনে গেল তিন মাস ধরে খাদ্যসহায়তা পেয়ে আসছে।
এই খাদ্যসহায়তা মাথাপিছু ১৯৪ ডলার ও চার সদস্যের পরিবারের জন্য ৬৪৬ ডলার নির্ধারণ করে দেওয়া হচ্ছে।
স্ন্যাপ বেনিফিটের অধীনে শুধু নির্দিষ্ট কিছু রিটেইল শপ থেকে খাদ্য কেনা যায়। আমাজন, ওয়ালমার্ট ও শপরাইট থেকে অনলাইনে এই খাদ্য কিনতে হয়।
জানা গেছে ইবিটি বেনিফিটের ক্ষেত্রেও একইভাবে খাদ্য কেনার প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেওয়া হতে পারে।◉



