
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ ২৭ নভেম্বর মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির পাঁচ নেতার দন্ড স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত বলেন, নিম্ন আদালতে দুই বছরের বেশি সাজা হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না ।এর ফলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউলাহ আমানসহ বিএনপির পাঁচ নেতা নির্বাচনের অযোগ্য হয়েছেন।
বিএনপির পাঁচ নেতা হলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউলাহ আমান, বিএনপি সমর্থিত চিকিৎসকদের নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মশিউর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওহাব।
আদালত পর্যবেক্ষণে বলেছেন, আপিল পেন্ডিং অবস্থায় সাজা স্থগিতের বিধান নেই। ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।



