
পুলিশকে ‘কাপুরুষ’ বললেন যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ শিক্ষক
যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালডের একটি স্কুলে গুলিবিদ্ধ শিক্ষক সে দেশের পুলিশের সমালোচনা করেছেন। শিক্ষার্থীদের যে সময় গুলি করে হত্যা করছিল বন্দুকধারী, তখন ব্যবস্থা নিতে দেরি করার জন্য পুলিশকে ‘কাপুরুষ’ বলে নিন্দা করেছেন তিনি।
এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গুলি চালানোর সময় শিক্ষার্থীদের তিনি পরামর্শ দিয়েছিলেন- তারা যেন নিথর হয়ে পড়ে থাকার ভান করে।
ওই শিক্ষক এবং শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের যখন অস্ত্রের মুখে রেখেছিল, ততক্ষণে ১১ জন নিহত হয়ে যায়।
তিনি পুলিশের ব্যাপারে বলেন, আপনাদের কাছে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। আমার কাছে কিছুই ছিল না।
সেখানে বন্দুকধারীর গুলিতে ২১ জনের প্রাণ চলে গেছে। তাদের মধ্যে ১৯ জনই শিশু। ১৮ বছর বয়সী স্থানীয় কিশোরের চালানো গুলিতে এতো সংখ্যক প্রাণ ঝরে যাওয়ার পর বন্দুকের নিয়মকানুন নিয়ে নতুন করে জাতীয় বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রে।
চতুর্থ গ্রেডের শিক্ষক আরনুলফো রেইস। তিনি ১৭ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি বলেছেন, মে মাসে হামলার দিন স্কুলে যাওয়ার সময় ভেবেছিলাম- ‘এটি একটি ভালো দিন হতে চলেছে’।
যখন গুলি চালানো শুরু হয়, ওই সময় শিক্ষার্থীরা একটি চলচ্চিত্র দেখছিল। তিনি তড়িঘড়ি করে শিক্ষার্থীদের বলেছিলেন, সবাই যেন টেবিলের নিচে লুকিয়ে যায়। ঘুমানোর ভান করতেও বলেছেন। কিন্তু বন্দুকধারী শ্রেণিকক্ষে ঢুকে গুলি চালাতে শুরু করে।
রেইসও গুলিবিদ্ধ হওয়ার পর ভেবেছেন- তিনি হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তিনি বলেন, ওই সময় আমি কেবল প্রার্থনা করেছি- আমার শিক্ষার্থীদের কাউকে কথা বলতে যেন না শুনি। কিন্তু পাশের ঘর থেকে এক শিক্ষার্থী চিৎকার করছিল। সে বলেছিল, ‘অফিসার, আমরা এখানে আছি। ‘
তিনি আরো বলেন, তারপর সে (হত্যাকারী) আমার ডেস্কের পেছন থেকে উঠে গেল এবং পাশের কক্ষে আবার গুলি করতে লাগল।
বিবিসি



