
ফরম সংগ্রাহ আর সমর্থকদের উপচেপড়া ভীড়ে সড়ক চলাচল বন্ধ
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ফরম বিক্রির প্রথম দিনে আজ শুক্রবার হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয়। সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকদের উপচেপড়া ভীড়ে আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উৎসব মুখর পরিবেশে সম্ভাব্য প্রার্থীরা তাদের ফরম সংগ্রহ করতে আসেন কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে। আর ফরম সংগ্রহের পর নানা রঙের পোস্টার-প্লাকার্ড হাতে আনন্দ মিছিল করে বেরিয়ে যান।
সূর্যোদয়ের পর থেকেই আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের কর্মী-সমর্থকসহ দলের অঙ্গ-সংগঠনের কেন্দ্রীয় নেতারা দলে দলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়। সকাল ৮টা থেকে ৯টা মধ্যে সম্ভাব্য প্রার্থীরাও উপস্থিত হন। এর কিছু সময় পর আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় ঝিগাতলার সড়কটিও। উপচে পড়া কর্মী-সমর্থকদের ভীড়ে বিজিবির প্রধান ফটকটিও বন্ধের উপক্রম হয়।
সকাল ১০টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৮ বিভাগের ফরম বিতরণ শুরু হয় ৮টি কাউন্টারে। দুপুর পর্যন্ত ৫ শতাধিক ফরম বিক্রির খবর নিশ্চিত করা হয়।
গতকাল বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর আজ সকাল থেকে ফরম বিক্রির সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। গত নির্বাচনে মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা ৩০ হাজার টাকা করা হয়।
মনোনয়নপত্র কিনতে রাজধানীর বইরে থেকে আসা অনেক প্রার্থীকে ব্যান্ডপার্টি সঙ্গে নিয়ে আসতে দেখা যায়। কর্মী-সমর্থকদের সঙ্গে দুপুর পর্যন্ত নেচে-গেয়ে আনন্দ করেন তারা। এসময় পুরো এলাকা মহা-উৎসবে পরিণত হয়।



