
বাংলাদেশের পথে- ২১ জানুয়ারি, ১৯৭১
২১ জানুয়ারি, ১৯৭১
২১ দফা সপ্তাহ পালনের আজ পঞ্চম দিন। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম এবং বক্তৃতা করেন ছাত্র ইউনিয়ন ঢাকা শহর সংসদের সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন আজাদ, কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক আবুল কাশেম, কেন্দ্রীয় সংসদের সহ-সভানেত্রী আয়শা খানম। সভায় অবিলম্বে নিরাপত্তা আইনে আটক জননেতা মণি সিংসহ সকল ছাত্র, শ্রমিক ও রাজবন্দীর মুক্তি, আইনগত কাঠামো আদেশ বাতিল, গণতান্ত্রিক শাসনতন্ত্র রচনার দাবি কমিউনিস্ট পার্টির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রভৃতি দাবি সম্বলিত প্রস্তাব গৃহীত হয়।
আজ ‘শহীদ আনোয়ারা দিবস।’ এ উপলক্ষ্যে নাখালপাড়া আওয়ামী লীগ মহিলা শাখার উদ্যোগে ৫০৭ নং নাখালপাড়ায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভানেত্রীত্ব করেন বেগম জেবুন্নেসা এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেন নগর আওয়ামী লীগ মহিলা সম্পাদিকা বেগম সাজেদা চৌধুরী। এছাড়া ‘শহীদ আনোয়ারা দিবস’ উপলক্ষ্যে সকাল সাতটায় শহীদ আনোয়ারার বাস ভবনে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করে খালি পায়ে মিছিল করে শহীদ আনোয়ারার মাজারে ফুল দেওয়ার পর মোনাজাত করা হয়।
কো-অর্ডিন্যান্স কাউন্সিল অব এসোসিয়েশন অব দি পাবলিক এমপ্লয়িজ অব পাকিস্তান (কোকাপেপ) কর্তৃক এ. জি. ই. পি প্রাঙ্গণে বিভিন্ন সরকারি সংস্থার কর্মচারীদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জীবনধারণের ব্যয়বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন বেতন মঞ্জুর করার দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন এম এ রশীদ।
মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে।



