
প্রধান খবরবাংলাদেশ
বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে
বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই হিসাবে দেশের মানুষের গড় আয়ু আগের তুলনায় কমেছে।
আজ সোমবার আগারগাঁওয়ের বিবিএস অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সভাপতিত্বে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ২০২১ এর প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
২০২০ সালের জরিপ অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। তবে বিবিএসে মহাপরিচালক মতিয়ার রহমান জানান, পরিসংখ্যানগতভাবে এই বাড়া ও কমায় কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই।
নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর থেকে কমে ৭৪ দশমিক ১ বছর হয়েছে এবং পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর থেকে কমে ৭০ দশমিক ৬ বছর হয়েছে।
তবে এ সময়ে সাক্ষরতার হার বেড়েছে। আগের বছরের ৭৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৭৬ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে।



